spot_img

ব্রাজিলের তরুণ ফুটবলার দিয়াজকে পেতে মরিয়া বার্সেলোনা

অবশ্যই পরুন

ব্রাজিলের উদীয়মান ডিফেন্ডার আর্থার দিয়াজকে নিয়ে ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের আগ্রহ তৈরি হয়েছে। তাদের মধ্যে রয়েছে বার্সেলোনাও। অ্যাথলেতিকো পারানায়েন্সের এই ১৯ বছর বয়সী ডিফেন্ডারকে পর্যবেক্ষণ করতে ক্লাবটির প্রধান স্কাউটিং কর্মকর্তা জোয়াও আমারাল সম্প্রতি কুরিতিবায় উপস্থিত ছিলেন। খবর গোল ডটকমের।

স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান লিগের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ডিফেন্ডার হিসেবে বিবেচিত হচ্ছেন দিয়াজ। অ্যাথলেতিকো পারানায়েন্সের হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির নজরে পড়েছেদন তিনি। সম্প্রতি জাতীয় দলে ডাকও পেয়েছেন এই তরুণ।

চলতি মৌসুমে অ্যাথলেতিকো পারানায়েন্সের নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য দিয়াজ। ২৮ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লিগের তৃতীয় স্থানে রয়েছে তার দল; সামনে রয়েছে শুধু পালমেইরাস ও ফ্লামেঙ্গো।

১.৮৮ মিটার উচ্চতার দিয়াজ শারীরিক সক্ষমতার পাশাপাশি বল পায়ে দক্ষতার জন্যও প্রশংসিত। স্বাভাবিকভাবে বাঁ-পায়ের খেলোয়াড় হলেও দুই পায়েই প্রায় সমান স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন তিনি। স্বল্প দূরত্বের পাসের পাশাপাশি লম্বা পাস দেয়ার ক্ষেত্রেও তার দক্ষতা রয়েছে।

দ্রুতগতির দৌড় ও প্রতিপক্ষের আক্রমণ সামলে দ্রুত পজিশনে ফেরার সক্ষমতাও দিয়াজের অন্যতম শক্তি। তিনজনের রক্ষণভাগে যেমন খেলতে পারেন, তেমনি দুই পাশের সেন্টার-ব্যাক হিসেবেও মানিয়ে নিতে সক্ষম। তার খেলার মান ও মাঠের ব্যক্তিত্ব বার্সেলোনার স্কাউটিংয়ের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

‘উম দইস এসপোর্তেস’-এর তথ্য অনুযায়ী, রোববার কুরিতিবায় অ্যাথলেতিকো পারানায়েন্স ও বাহিয়ার ম্যাচে দিয়াজকে সরাসরি পর্যবেক্ষণ করেন জোয়াও আমারাল। অ্যারেনা দা বাইশাদায় অনুষ্ঠিত ম্যাচটিতে অ্যাথলেতিকো পারানায়েন্স ২-১ গোলে জয় পায়। ম্যাচের যোগ করা সময়ে বাহিয়ার পেনাল্টি ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন গোলরক্ষক মাইকায়েল।

দিয়াজ পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। বাঁ দিকের সেন্টার-ব্যাক হিসেবে তিনজনের রক্ষণভাগে খেলেন তিনি। ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেন। তার সঙ্গে রক্ষণে ছিলেন হুয়ান ফেলিপে আগিরে ও দান্তাস।

চলতি ব্রাজিলিয়ান লিগে এটি ছিল দিয়াজের ২৬তম ম্যাচ। কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে মাত্র দুটি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যাথলেতিকো পারানায়েন্সের মূল দলের হয়ে ইতোমধ্যে ৫০ ম্যাচ খেলে ফেলেছেন এই তরুণ। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত।

‘উম দইস এসপোর্তেস’ আরও জানিয়েছে, জোয়াও আমারালের ব্রাজিল সফরকে বার্সেলোনার দিয়াজকে দলে ভেড়ানোর আগ্রহের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে তাকে পেতে ইউরোপের আরও কয়েকটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি দলবদল উইন্ডোতে টটেনহ্যাম দিয়াজের অর্থনৈতিক স্বত্বের ৮০ শতাংশের জন্য ২ কোটি ১০ লাখ ইউরোর প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অ্যাথলেতিকো পারানায়েন্স।

বার্সেলোনার পাশাপাশি দিয়াজকে নিয়ে আগ্রহী ক্লাবগুলোর তালিকায় রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ, সেস্ক ফ্যাব্রেগাসের কোমো, বেনফিকা, নিউক্যাসল ইউনাইটেড, নটিংহ্যাম ফরেস্ট ও ব্রেন্টফোর্ড। অর্থাৎ, ইউরোপের অন্তত নয়টি ক্লাবের নজরে রয়েছেন ব্রাজিলের এই তরুণ ডিফেন্ডার।

সর্বশেষ সংবাদ

স্ত্রীর আত্মহত্যায় মামলা: ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল, প্রথম স্ত্রী একদিনের

ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ