spot_img

ইরানের ফুটবলারদের বহনকারী বিমানকে বসরায় অবতরণে বাধা ইরাকের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের জাতীয় ফুটবল দলকে বহনকারী একটি উড়োজাহাজকে বসরা বিমানবন্দরে অবতরণ করতে দেয়নি ইরাক।

মঙ্গলবার (১০ নভেম্বর), ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বসরা বিমানবন্দরের দুই কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি না পেয়ে উড়োজাহাজটি ইরানে ফিরে যায় এবং আবাদান বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে সড়কপথে বসরায় যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। বসরায় নিযুক্ত ইরানের কনস্যুলেটের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইরাকের বসরায় আয়োজিত চার জাতির একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিল ইরানের দল। এ প্রতিযোগিতায় স্বাগতিক ইরাক ছাড়াও লেবানন ও ফিলিস্তিনের অংশ নেওয়ার কথা রয়েছে।

ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দিলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারত। সে কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাটি ইরানের বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি সামনে এনেছে। গত ২৩ সেপ্টেম্বরের পর, ইরানের বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করা বিশ্বের যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এর লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ইরানের বেসামরিক বিমানবহরের কার্যক্রম বন্ধ করে দেওয়া।

এর আগে, গত সেপ্টেম্বরে, বাগদাদ বিমানবন্দরে ইরানের ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয় ইরাক। ইরানি উড়োজাহাজকে সেবা দেওয়া বিমানবন্দর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, ইরানের বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিমানবন্দরও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। এমনকি, এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার পদক্ষেপও নেওয়া হতে পারে।

ইরানের পরিবহন খাতের ওপর বিধিনিষেধ আরও কঠোর করা এবং দেশটির নিষেধাজ্ঞার আওতায় থাকা বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদারকে দেশটির অর্থনীতির ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে ওয়াশিংটন। চলতি বছরের ফেব্রুয়ারিতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধে এখনো সমাধান আসেনি।

সর্বশেষ সংবাদ

ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে ২ হাজার ৭৪১ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। দ্বিতীয় দফায় দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,...

এই বিভাগের অন্যান্য সংবাদ