জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। এনসিপি নিজেদের কর্মসূচি নিজেরাই ঠিক করবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জেলা এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপির আমাদেরকে শেখাতে হবে না আমরা কিভাবে কর্মসূচি করবো। তারা বলছে এটা লং মার্চ না, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটাও লং মার্চ।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন, তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লং মার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাকও সরাতে পারেন নাই। তাহলে সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করতে হবে না।
এনসিপির এই নেতা আরও বলেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি এটার ফলাফল কখনও ভালো হবে না।
বাক স্বাধীনতার প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির একজন সদস্য প্রধানমন্ত্রীকে সমালোচনা করায় সংগঠনটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে নিয়েছে এবং রিমান্ডে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তারেক রহমান এই যে বাক্স্বাধীনতার কথা বলে, এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। তাহলে কি আমরা মনে করব, জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের ভিতরের কথা আর এক— এমন প্রশ্নও রাখেন তিনি।
এদিকে, সিফাত নামের ওই তরুণের সমালোচনার ভাষা এনসিপি সমর্থন করে না জানিয়ে সারজিস আলম বলেন, সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছে, সেই গালিকে আমরা সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে, এটা তো মিথ্যা মামলা, সন্ত্রাসবিরোধী মামলা, এক বছর আগের মামলা।
এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু ও দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ জেলার নেতাকর্মীরা।

