spot_img

দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের লক্ষ্য: প্রধান বিচারপতি

অবশ্যই পরুন

বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ লক্ষ্য অর্জনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিচারকদের নির্দেশনা দেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগে কর্মরত জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এ কথা বলেন।

সুপ্রিম কোর্টেও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আজ অভিভাষণ প্রদান করেছেন।

সিলেটের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের’ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের চার জেলার বিভিন্ন আদালতে কর্মরত বিচারকগণ দ্রুত ও কার্যকরভাবে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বিচারপতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসব সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতি বিভাগীয় শহরগুলোতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার প্রক্ষিতে প্রতিটি বিভাগে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।

একই সঙ্গে সাক্ষ্য গ্রহণ, আসামি হাজিরসহ বিচারিক কার্যক্রমের উপযুক্ত ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

প্রধান বিচারপতি আদালতের নির্ধারিত কর্মঘণ্টার সর্বোচ্চ ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার জন্য বিচারকদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর্ সাবঅর্ডিনেট কোর্টস্ সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ইরানের প্রস্তাবে ট্রাম্প বললেন—‘আমি প্রত্যাখ্যান করছি’

চলমান যুদ্ধ অবসানে ইরানের প্রস্তাব করা সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে যুদ্ধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ