spot_img

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা ‘যুদ্ধাপরাধ’: ইরান

অবশ্যই পরুন

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৮ জন। হামলার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ইরান।

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে। শিশু দুটির বয়স ৪ ও ১৬ বছর। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও জরুরি বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৬৮ জন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে স্থানীয় এক কর্মকর্তা হামলায় পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। তবে পরে নিহতের সংখ্যা সংশোধন করে চারজন বলে জানায় ইরানি কর্তৃপক্ষ।

হামলাটি হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি এই এলাকাটি।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার শিকার ভবনটি একটি আবাসিক বাড়ি, যেখানে পরিবারের সদস্যরা বিয়ের অনুষ্ঠান উদযাপন করছিলেন।

ইরানি রেড ক্রিসেন্টের দাবি, এটি ছিল একটি বেসামরিক পারিবারিক আয়োজন। সেখানে হামলা চালিয়ে নারী ও শিশুসহ বেসামরিক মানুষ নিহত হওয়ায় ঘটনার আন্তর্জাতিক তদন্ত হওয়া প্রয়োজন।

সংস্থাটি এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর মাধ্যমে তদন্তেরও আহ্বান জানিয়েছে। অভিযোগ, একটি ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে।

হামলার কথা স্বীকার করেনি যুক্তরাষ্ট্র

তবে বিয়ের অনুষ্ঠানকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল, এমন অভিযোগ স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানায় ‘না’ যুক্তরাষ্ট্র।

ইরানের দেওয়া ঘটনার বিবরণ নিয়েও প্রশ্ন তুলেছেন ভ্যান্স। বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগের বিষয়ে তিনি চরম সংশয় প্রকাশ করে বলেছেন, এ দাবির ব্যাপারে তিনি ‘অত্যন্ত সন্দিহান’।

এছাড়াও বেসামরিক এলাকায় হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক সামরিক অভিযানের ধরন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষকরে, হামলার সময় সেখানে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠান চলছিল বলে ইরানি কর্তৃপক্ষের দাবি পরিস্থিতিটিকে আরও গুরুতর করে তুলেছে।

ঘটনার প্রকৃত পরিস্থিতি, হামলার লক্ষ্য এবং নিহতদের পরিচয় নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বক্তব্যে যে পার্থক্য রয়েছে, তা নিরসনে স্বাধীন তদন্তের দাবি আরও জোরালো হচ্ছে।

সর্বশেষ সংবাদ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের...

এই বিভাগের অন্যান্য সংবাদ