ভবিষ্যৎ প্রজন্মকে মোবাইল ও ভার্চ্যুয়াল আসক্তি থেকে ফিরিয়ে এনে আবারও বইয়ের কাছে বসানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বললেন, মননশীল ও আলোকিত সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই।
বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের বইপড়া কর্মসূচির ১২ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সমাজ পরিবর্তনের মূল শক্তি শিক্ষা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সে লক্ষ্যেই সরকার প্রাথমিক স্তর থেকেই শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনছে। পাশাপাশি কর্মমুখী মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং নতুন প্রজন্মের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত শিক্ষা।

