সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। প্রথম ধাপ চলতি বছরের জুলাই থেকে, দ্বিতীয় ধাপ ২০২৭ সালের জানুয়ারি থেকে এবং তৃতীয় ধাপ ২০২৭ সালের জুলাই থেকে কার্যকর হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা একযোগে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই গ্রেডের কর্মচারীদের বর্ধিত মূল বেতন তিন ধাপে কার্যকর হবে।
প্রথম ধাপ: ১ জুলাই ২০২৬ — বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ
দ্বিতীয় ধাপ: ১ জানুয়ারি ২০২৭ — আরও ২৫ শতাংশ
তৃতীয় ধাপ: ১ জুলাই ২০২৭ — অবশিষ্ট ২৫ শতাংশ
১ম থেকে ৯ম গ্রেড
উচ্চতর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। তবে তাদের ক্ষেত্রে প্রথম ধাপে ৪০ শতাংশ এবং পরবর্তী দুই ধাপে ৩০ শতাংশ করে বাস্তবায়ন করা হবে।
প্রথম ধাপ: ১ জুলাই ২০২৬ — বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ
দ্বিতীয় ধাপ: ১ জানুয়ারি ২০২৭ — আরও ৩০ শতাংশ
তৃতীয় ধাপ: ১ জুলাই ২০২৭ — অবশিষ্ট ৩০ শতাংশ
ফলে তৃতীয় ধাপ শেষে এই গ্রেডের চাকরিজীবীরাও নতুন কাঠামোয় নির্ধারিত বর্ধিত মূল বেতনের পুরো সুবিধা পাবেন।
ভাতা কার্যকর হবে ২০২৮ সালে
নতুন বেতনকাঠামোর মূল বেতন ২০২৭ সালের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হলেও বিভিন্ন ধরনের ভাতা একযোগে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন করা হয়। পরে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে বেতন বাস্তবায়নের বিস্তারিত তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিন ধাপে বেতন বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রথম অংশ চলতি জুলাই থেকে কার্যকর হবে, ছয় মাস পর দ্বিতীয় অংশ এবং এরপর তৃতীয় অংশ কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ২০২৭ সালের শেষ নাগাদ মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন শেষ হবে। আর ২০২৮ সাল থেকে বেতন ও ভাতার কাঠামো পুরোপুরি কার্যকর হবে।

