দেশের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর অংশ হিসেবে বরখাস্ত করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলকে।
রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ রোববার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।
কেসিএনএ জানায়, কাঠামোগত পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে শনিবারের (২৯ আগস্ট) এক বৈঠকে কিম জং উন এসব সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে নো কোয়াং চোলকে সরিয়ে শাসক দলের অস্ত্রশিল্প বিভাগের প্রথম উপ-পরিচালক করা হয়েছে। তার স্থানে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কোরিয়ান পিপলস আর্মির জেনারেল পলিটব্যুরোর প্রধান কিম সং গি।
প্রতিরক্ষা উপদেষ্টা পাক জং চোনকে কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান এবং ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর সদস্য করা হয়েছে।
সামরিক প্রযুক্তি ও নতুন যুদ্ধাস্ত্র ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য গবেষক ও কর্মকর্তাদের প্রশংসার পরপরই এই রদবদল ঘটে। কেসিএনএ জানায়, দেশটির অস্ত্র গবেষণাকেন্দ্র সম্প্রতি এমন কিছু অনন্য প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা উত্তর কোরিয়ার যুদ্ধ করার সক্ষমতা বহুলাংশে বাড়িয়ে দেবে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার পরপরই পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ সামনে এলো।
নিয়মিত এসব সামরিক মহড়াকে পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই তাদের ওপর হামলার প্রস্তুতি বলে অভিহিত করে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর মহড়াটি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেওয়ায় ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার প্রতি সরাসরি ‘উসকানিমূলক’ বলে মনে করেন। পাশাপাশি, ইরানের বিরুদ্ধে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপে সমর্থন না দেওয়ায় তিনি দক্ষিণ কোরিয়ারও কঠোর সমালোচনা করেছেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি ট্রাম্প তার ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন।
নিজের প্রথম মেয়াদে কিমের সঙ্গে দুইটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার পর, ট্রাম্প চলতি বছরেই তার সঙ্গে আরেকটি বৈঠকে বসার উদ্যোগ নিচ্ছেন বলে আলোচনা রয়েছে।
ট্রাম্পের এমন উদ্যোগ সত্ত্বেও উত্তর কোরিয়া এখন পর্যন্ত তেমন কোনো ইতিবাচক সাড়া দেয়নি। বরং দেশটি নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়া অব্যাহত রেখেছে। অন্যদিকে, আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ ‘ফ্রিডম এজ’ সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

