২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সাফল্যের পর এবার পর্দায় আসছে এর সিক্যুয়েল ‘জেলার ২’। রজনীকান্ত অভিনীত সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে প্রকাশ পেয়েছে প্রথম গান ‘আলা বোলেলো’। আর এই গানেই রজনীকান্তের সঙ্গে নেচে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী শামনা কাসিম।
দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী উৎসব ওনমের আবহে নির্মিত গানটির সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রকাশের পর থেকেই গানটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। তবে গানের পাশাপাশি আলোচনায় এসেছে রজনীকান্ত ও শামনা কাসিমের নাচের পারফরম্যান্সও।
কে এই শামনা কাসিম?
কেরালার কান্নুরে জন্ম শামনা কাসিমের। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ ছিল। নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে অভিনয়েও ক্যারিয়ার গড়ে তোলেন তিনি।
২০০৪ সালে মালয়ালম সিনেমা ‘মঞ্জু পোলোরু পেংকুট্টি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর তেলুগু ও তামিল সিনেমাতেও নিয়মিত কাজ করেন তিনি।
তেলুগু সিনেমা ‘শ্রী মহালক্ষ্মী’ এবং তামিলের ‘মুনিয়ান্দি বিলাঙ্গিয়াল মুনরামান্ডু’-সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন শামনা। তামিল সিনেমার মধ্যে ‘দ্রোহী’, ‘আডু পুলি’, ‘থাগারারু’ ও ‘সাভারাকাথি’ উল্লেখযোগ্য।
এ ছাড়া ‘থালাইভি’ সিনেমায় শশিকলার চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
‘জেলার ২’-এ শুধু একটি গানেই
‘জেলার ২’ সিনেমায় শামনা কাসিমকে পুরো সিনেমাজুড়ে দেখা যাবে না। তিনি কেবল ‘আলা বোলেলো’ গানটিতে অংশ নিয়েছেন। তবে রজনীকান্তের সঙ্গে তার নাচের পারফরম্যান্স ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না ও যোগী বাবু।
অতিথি চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশনের।
সিনেমাটি আগামী ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে।

