দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় দক্ষিণী অভিনেতা পবন কল্যাণ এবং তার স্ত্রী আনা কোনিদালা। পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তারা। এ খবর সামনে আসতেই আলোচনায় উঠে এসেছে পবনের সাবেক স্ত্রী ও অভিনেত্রী রেণু দেশাইয়ের পুরনো কিছু বক্তব্য।
সম্প্রতি পবন কল্যাণ ও আনা কোনিদালার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, গভীর বোঝাপড়া ও একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
পবন কল্যাণের ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও নানা সময়ে আলোচনা হয়েছে। অভিনেতার দ্বিতীয় স্ত্রী ছিলেন অভিনেত্রী রেণু দেশাই। ২০০৯ সালে বিয়ে করেন তারা। তবে ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০১৭ সালে ‘এবিএন তেলেগু’কে দেওয়া এক সাক্ষাৎকারে রেণু দেশাই পবনের সঙ্গে তার অতীতের সম্পর্কের কথা খোলাখুলি শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তারা শুধু স্বামী-স্ত্রী ছিলেন না, একে অপরের সহকর্মী এবং অত্যন্ত ভালো বন্ধুও ছিলেন। রেণু বিশ্বাস করতেন, পবনের মনকে তিনি সবচেয়ে গভীরভাবে বুঝতে পারতেন।
পাশাপাশি, বিচ্ছেদের পর সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে রেণু দেশাই এক জোরালো বার্তায় বলেছিলেন, ‘আমাদের সমাজে একজন পুরুষ যেকোনো কাজ করতে পারেন এবং একাধিকবার বিয়ে করতে পারেন, অথচ একজন নারীর অন্য কোনো সম্পর্কের কথা ভাবাকেও অপরাধ হিসেবে দেখা হয়। একজন নারী কি সারাজীবন অনুশোচনা নিয়ে একা কাটিয়ে দেবেন?’
যদিও তিনি পরবর্তীতে আর বিয়ে করেননি এবং জীবনের নতুন সঙ্গী ও মানসিক সাহচর্য পাওয়ার প্রয়োজনীয়তার কথাও প্রকাশ করেছিলেন। সূত্র: এনডিটিভি

