আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক পথে ফিরে আসার উপায় নিয়ে আলোচনা করেছেন মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফোনে কথা বলেছেন। এ সময় তারা মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে চলমান প্রচেষ্টা পর্যালোচনা করেন।
আলোচনায় কূটনৈতিক পথে ফিরে আসার বিষয়টিও গুরুত্ব পায়। এর মধ্যে ওমান ও ইরানের মধ্যে আলোচনার পথ পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের বাস্তবায়ন পুনরায় শুরু করার বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য হলো বিভিন্ন পক্ষের উদ্বেগের সমাধান করে একটি ব্যাপক ও টেকসই চুক্তিতে পৌঁছানো। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান উত্তেজনা কমাতে এবং শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বদর আবদেলাত্তি।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক উদ্যোগ জোরদারের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়তা করা সম্ভব। আল জাজিরা

