রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার করার আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাণিজ্য ও বিনিয়োগসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কপ-৩১ সম্মেলনে দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনার বিষয়গুলো বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্রিটিশ হাইকমিশনার জানান, পরিচ্ছন্ন জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন ব্যবস্থায় প্রথমবারের মতো ৪০০ মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য। বাংলাদেশকে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বিবেচনা করে জলবায়ু খাতে আরও বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা করেন তিনি।
এ ছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়াতে দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়কে স্বাগত জানান। রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চান তিনি।
রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করে শামা ওবায়েদ এ সংকট নিয়ে সোচ্চার ভূমিকার জন্য এডিনবারার ডাচেস সোফিরও প্রশংসা করেন। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের বিষয়টি উল্লেখ করেন তিনি।
জবাবে ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারে এ সহযোগিতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

