নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউবের মনিটাইজেশন নীতিতে আরও কড়াকড়ি আসছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপন ও প্রিমিয়াম আয়ের যোগ্যতা অর্জন করতে বর্তমানের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম বা শর্টস ভিউ প্রয়োজন হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব বিজ্ঞাপন থেকে আয় করতে গত ১২ মাসে অন্তত আট হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে দুই কোটি যোগ্য শর্টস ভিউ প্রয়োজন হবে। বর্তমানে এই শর্ত যথাক্রমে চার হাজার ঘণ্টা ও এক কোটি শর্টস ভিউ। তবে এক হাজার সাবস্ক্রাইবার থাকার শর্তটি আগের মতোই থাকছে।
ইতিমধ্যে মনিটাইজেশন পাওয়া চ্যানেলগুলোর ক্ষেত্রেও শর্টস থেকে নিয়মিত আয় চালু রাখতে ৯০ দিনে অন্তত এক কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে।
নির্ধারিত সময়ে শর্টসের ভিউ এক কোটির নিচে নামলে আয় সাময়িকভাবে বন্ধ হলেও পুরো চ্যানেলের মনিটাইজেশন বাতিল হবে না। পরে প্রয়োজনীয় ভিউ পেলে আয় আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
গুগলের মালিকানাধীন ইউটিউব জানায়, শর্টস থেকে ভালো আয় করা চ্যানেলগুলোতে নতুন নিয়মের প্রভাব কম পড়বে। তবে নতুন সীমার নিচে থাকা চ্যানেলের সংখ্যা তারা জানায়নি।
শর্টসের দ্রুত বিস্তারের কারণে ২০১৮ সালের পর ইউটিউবের আয় ব্যবস্থায় এটিই অন্যতম বড় পরিবর্তন। ২০২৪ সালে দৈনিক শর্টস ভিউ প্রায় সাত হাজার কোটি থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার কোটির বেশিতে।
সূত্র: টেকক্রাঞ্চ

