কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন দুটি মডেল উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যানথ্রপিক। মডেল দুটি হলো ‘ক্লড ফেবল ৫.২’ এবং ‘ক্লড মাইথোস ৫.২’।
সোমবার (৯ নভেম্বর) নতুন মডেল দুটি উন্মোচন করে সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি। ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র প্রস্তুতির মধ্যেই এ ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।
অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন মডেলগুলো আগের সংস্করণের তুলনায় সর্বোচ্চ ৩০ শতাংশ দ্রুত কাজ করতে সক্ষম। এর মধ্যে ক্লড ফেবল ৫.২ তৈরি করা হয়েছে কোডিং, জটিল যুক্তি বিশ্লেষণ এবং এআই এজেন্টভিত্তিক বিভিন্ন কাজের জন্য।
অন্যদিকে, ক্লড ‘মাইথোস ৫.২’ মূলত সাইবার নিরাপত্তা ও জীববিজ্ঞানসংক্রান্ত গবেষণায় ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
তবে দু’টি মডেল ব্যবহারের সুযোগ সবার জন্য এক রকম নয়। অ্যানথ্রপিকের যাচাই ও অনুমোদন কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিষ্ঠানগুলোই সাইবার নিরাপত্তা এবং জীববিজ্ঞান গবেষণার কাজে ‘মাইথোস ৫.২’ ব্যবহারের অনুমতি পাবে।
অন্যদিকে, ‘ফেবল ৫.২’ আরও বিস্তৃত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ডেভেলপাররা ক্লড এপিআই ব্যবহার করে ‘ ক্লড ফেবল ৫.২’ নামে মডেলটি ব্যবহার করতে পারবেন।
নতুন মডেল দু’টির কার্যক্ষমতা ও গতিতে উল্লেখযোগ্য উন্নতির দাবি করেছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আগের ক্লড ৫.১ মডেলগুলোর তুলনায় ফেবল ৫.২ সর্বোচ্চ ৩০ শতাংশ দ্রুত ফলাফল তৈরি করতে পারে।
এছাড়া কোডিং, যুক্তি বিশ্লেষণ এবং ছবি বুঝে কাজ করার সক্ষমতাও বাড়ানো হয়েছে। কোডিং, অর্থনীতি ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কাজে নতুন মডেলটি আগের সংস্করণগুলোর তুলনায় উন্নত মানের সক্ষমতা দেখাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
শুধু গতি ও কার্যক্ষমতাই নয়, নতুন মডেল ব্যবহারের খরচও কমিয়েছে অ্যানথ্রপিক। প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ৮ ডলার এবং সমপরিমাণ আউটপুট টোকেনের জন্য ৪০ ডলার নির্ধারণ করা হয়েছে। আগের ফেবল ও মাইথোস সংস্করণগুলোর তুলনায় এ মূল্য কম।
অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন দু’টি মডেলের মূল প্রযুক্তিগত কাঠামো একই হলেও ‘ফেবল ৫.২’-তে জীববিজ্ঞান ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা যুক্ত করা হয়েছে।
মডেল দু’টি উন্মোচনের পাশাপাশি নিরাপত্তাবিষয়ক পরীক্ষার বিস্তারিত তুলে ধরে একটি ‘সিস্টেম কার্ড’ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে নতুন মডেলগুলোর নিরাপত্তা যাচাই এবং ঝুঁকি মূল্যায়নের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
অ্যানথ্রপিকের এআই মডেলগুলোর তালিকায় মাইথোসকে ওপাসেরও ওপরের স্তরে রাখা হয়েছে। এর আগে গত অক্টোবরে ক্লড হাইকু ৫.৫ উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি। ওপাস ৫.৫ ও সনেট ৫.৫-এর পাশাপাশি তুলনামূলক ছোট পরিসরের মডেল হিসেবে যুক্ত হয়েছে এটি।
প্রতিষ্ঠানটির সুপারিশ, জটিল এবং উন্মুক্ত পরিসরের প্রযুক্তিগত কাজের জন্য নতুন ‘ফেবল ৫.২’ ও ‘মাইথোস ৫.২’ ব্যবহার করা যেতে পারে।

