বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী কুয়ালালামপুরে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং-এর সঙ্গে এ বৈঠক করেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রস্তাবিত বাংলাদেশ–মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইসলামী অর্থায়ন, অর্থপাচার প্রতিরোধ এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগ।
এ ছাড়া মালয়েশিয়া থেকে দেশে ফেরা বাংলাদেশি শ্রমিকদের সেখানকার ব্যাংকে থাকা আমানত সহজে উত্তোলনের ব্যবস্থা, হালাল শিল্পে অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল খাজানাহর সঙ্গে সহযোগিতা এবং বাংলাদেশের প্রস্তাবিত বিনিয়োগ তহবিলে মালয়েশিয়ার কৌশলগত অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিনিয়োগ, অর্থায়ন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক লাভজনক উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানিয়ে আলোচ্য খাতগুলোতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা, প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হুসাইন উপস্থিত ছিলেন।

