spot_img

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়ংকর মাত্রায় মার্কারি শনাক্ত

অবশ্যই পরুন

বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী (স্কিন হোয়াইটেনিং) ক্রিমে বাংলাদেশ মানদণ্ডের তুলনায় বহু গুণ বেশি মাত্রায় ক্ষতিকর মার্কারি (Mercury) শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ কারণে এসব পণ্য বিক্রি, বিতরণ, মজুদ ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন স্কিন হোয়াইটেনিং ক্রিমের নমুনা পরীক্ষাগারে বিশ্লেষণ করে এসব পণ্যে বিপজ্জনক মাত্রার মার্কারি পাওয়া গেছে। বাংলাদেশ মান (বিডিএস-১৩৮২) অনুযায়ী প্রসাধনীতে মার্কারির সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১.০০ পিপিএম হলেও পরীক্ষায় এর চেয়ে বহু গুণ বেশি মার্কারি শনাক্ত হয়েছে।

যেসব ক্রিমে অতিরিক্ত মার্কারি পাওয়া গেছে
চাঁদনি হোয়াটেনিং ক্রিম – ১২০.৩৯ পিপিএম
ডিউ বিউটি ক্রিম – ১২৩.৩৭ পিপিএম
নুর হোয়াটেনিং ক্রিম – ৮২.৭৬ পিপিএম
নাভিয়া হোয়াটেনিং ক্রিম – ৭৯.৭০ পিপিএম
ন্যাচারাল পার্ল স্কিন ক্রিম – ৬৭.৪৯ পিপিএম
নাভিয়া বিউটি ক্রিম – ৫৯.৮২ পিপিএম
গৌরি বিউটি ক্রিম – ৫৬.৯৩ পিপিএম
নিউ ফেস বিউটি ক্রিম – ৪৪.৭২ পিপিএম

বিএসটিআই জানায়, এসব প্রসাধনী বৈধভাবে আমদানি করা হয়নি। অধিকাংশই লাগেজ বা চোরাই পথে দেশে প্রবেশ করায় সংস্থাটির মান যাচাইয়ের সুযোগ থাকে না। জনস্বার্থে বাজার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদন, আমদানি বা বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিয়মিত নজরদারি, নমুনা পরীক্ষা, মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি ভোক্তাদের প্রসাধনী কেনার আগে বিএসটিআইয়ের অনুমোদন ও পণ্যের বৈধতা যাচাই করার পাশাপাশি অজ্ঞাত বা অনুমোদনহীন ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্বাস্থ্যঝুঁকি কী?

বিএসটিআই সতর্ক করে জানিয়েছে, দীর্ঘদিন মার্কারিযুক্ত স্কিন ক্রিম ব্যবহার করলে—

ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হতে পারে
ত্বক পাতলা হয়ে যেতে পারে
স্থায়ী দাগ ও অ্যালার্জি দেখা দিতে পারে
কিডনির ক্ষতি হতে পারে
স্নায়ুতন্ত্রে জটিলতা তৈরি হতে পারে
গর্ভবতী নারীর ক্ষেত্রে অনাগত শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে

সংস্থাটি জনস্বার্থে সন্দেহজনক প্রসাধনী সম্পর্কে তথ্য থাকলে বিএসটিআইকে অবহিত করার জন্যও ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে অনুশোচনা নেই, নির্বাচনের পরই শেষ হবে সংঘাত: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো 'অনুশোচনা' নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ