spot_img

গণিতের ‘নোবেল’ পেলেন চার তরুণ গবেষক

অবশ্যই পরুন

বিশুদ্ধ গণিতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের ফিল্ডস মেডেল পেয়েছেন চার তরুণ গণিতবিদ। গণিতের জগতে সর্বোচ্চ সম্মানগুলোর একটি হিসেবে পরিচিত এই পুরস্কার পেয়েছেন হংক ওয়াং, ইউ ডেং, জন পার্ডন এবং জ্যাকব জিমারম্যান।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফিল্ডস মেডেলের ৯০ বছরের ইতিহাসে হংক ওয়াং তৃতীয় নারী হিসেবে এই সম্মান অর্জন করলেন। এর আগে ২০১৪ সালে মরিয়াম মির্জাখানি এবং ২০২২ সালে মেরিনা ভিয়াজোভস্কা এই পুরস্কার পেয়েছিলেন।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ফ্রান্সের আইএইচইএসের গবেষক হংক ওয়াং দুটি ভিন্ন গাণিতিক শাখার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছেন। ২০২৫ সালে গণিতবিদ জোশুয়া জাহলের সঙ্গে তিনি তিন মাত্রার কাকেয়া অনুমান প্রমাণ করে প্রায় পাঁচ দশক ধরে অমীমাংসিত থাকা একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করেন।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইউ ডেং প্রবাহী পদার্থের গতি নিয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি পেয়েছেন। তিনি ও তাঁর সহগবেষকেরা দেখিয়েছেন, অণুস্তর এবং বৃহৎ পরিসরে তরলের আচরণ ব্যাখ্যার জন্য ব্যবহৃত সমীকরণ মূলত একই ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এতে শতাধিক বছর ধরে চলা একটি জটিল গাণিতিক প্রশ্নের অগ্রগতি সম্ভব হয়েছে।

স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জন পার্ডন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকাকালে মাত্র ২১ বছর বয়সে নট থিওরির একটি জটিল সমস্যার সমাধান করেন। তাঁর গবেষণা ২৫ বছর ধরে অমীমাংসিত একটি ধারণাকে সহজভাবে প্রমাণ করার পথ খুলে দেয়।

অন্যদিকে টরন্টো বিশ্ববিদ্যালয়ের জ্যাকব জিমারম্যান ও তাঁর গবেষক দল ২০২১ সালে বিখ্যাত আন্ড্রে-ওর্ট অনুমান প্রমাণ করেন। এই তত্ত্ব সংখ্যা তত্ত্বের জটিল কাঠামো ও বিশেষ গাণিতিক বিন্দুর সম্পর্ক বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিমারম্যান মনে করেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভ্যন্তরীণ কার্যপ্রণালি বোঝার ক্ষেত্রেও বিশুদ্ধ গণিত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

কানাডীয় গণিতবিদ জন চার্লস ফিল্ডসের নামে নামকরণ করা ফিল্ডস মেডেল প্রতি চার বছর পরপর প্রদান করা হয়। এই সম্মান অর্জনের জন্য বিজয়ীর বয়স ৪০ বছরের কম হতে হয়। মর্যাদা ও গুরুত্বের কারণে ফিল্ডস মেডেলকে গণিতের ‘নোবেল পুরস্কার’ হিসেবেও অভিহিত করা হয়।

সূত্র: সায়েন্টিফিক আমেরিকান

সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ গাড়িচালকদের অদক্ষতা ও অযোগ্যতা এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ