আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কয়েকদিন আগে স্পেনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেন। তবে বিশ্বকাপে স্পেন জয়ের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের সঙ্গে তাঁর কোনো উত্তেজনা নেই।
ট্রাম্প বলেন, “তার (সানচেজের) সঙ্গে আমার কোনো উত্তেজনা নেই। কারও সঙ্গেই আমার কোনো উত্তেজনা নেই।”
মার্কিন প্রেসিডেন্ট স্পেনের কর্মকর্তাদের তাদের দারুণ দল গঠনের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি ফাইনাল ম্যাচটিকে রোমাঞ্চকর ও দারুণ একটি আসর বলে মন্তব্য করেছেন।
আর্জেন্টিনার পরাজয়ে দুঃখ পেয়েছেন কিনা এমন বিতর্কে ট্রাম্প বলেন, “স্পেনই ভালো খেলেছে। তবে ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।”
ট্রাম্পের এই সৌহার্দ্যপূর্ণ মন্তব্য তাঁর আগের অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। চলতি মাসের শুরুতে তিনি স্পেনকে “একটি ব্যর্থ রাষ্ট্র” এবং “ন্যাটোর ভয়াবহ অংশীদার” বলে আখ্যা দিয়েছিলেন। কারণ, ইরানকে ঘিরে সংঘাতের সময় স্পেন মার্কিন বাহিনীকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি এবং প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যেও প্রতিশ্রুতি দেয়নি।
তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, “স্পেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখতে চাই না। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি সফরও বন্ধ করুন। তাদের সঙ্গে কথাও বলবেন না। তারা আশাহীন, খারাপ মানুষ।”
সূত্র: আনাদলু

