spot_img

‘আর্জেন্টিনার চেয়ে দুই-তিন ধাপ এগিয়ে স্পেন’

অবশ্যই পরুন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয়ের উচ্ছ্বাসের পাশাপাশি দেশটির গণমাধ্যমে আলোচনার বড় অংশজুড়ে ছিল আর্জেন্টিনার পরাজয়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতো-তে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেন সাংবাদিক এদু আগিরে।

ক্রিস্টিয়ানো রোনালদোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আগিরে ম্যাচ শেষে বলেন, স্কোরলাইন যতটা কাছাকাছি দেখিয়েছে, মাঠের খেলায় দুই দলের ব্যবধান ছিল তার চেয়ে অনেক বেশি।

তার ভাষায়, “ফুটবলের দিক থেকে স্পেন আর্জেন্টিনার চেয়ে দুই কিংবা তিন ধাপ এগিয়ে। ম্যাচের ফল আরও বড় ব্যবধানে হতে পারত। আর্জেন্টিনা এতটা ভাগ্যবান হতে পারে না।”

তিনি আরও বলেন, “আজকের ম্যাচের স্কোর ৪-০ হলেও অবাক হওয়ার কিছু ছিল না। এটি ছিল স্পেনের পূর্ণ আধিপত্যের ম্যাচ। আর্জেন্টিনা কোনো সুযোগই তৈরি করতে পারেনি। শেষ দিকে যে চেষ্টা দেখা গেছে, সেটি ছিল মরিয়া প্রচেষ্টা মাত্র। স্পেনের জয়ই ন্যায্য ফল।”

ফাইনালে স্পেনই বেশি আক্রমণাত্মক ছিল এবং পরিষ্কার গোলের সুযোগও তৈরি করেছিল। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের গোলে শিরোপা নিশ্চিত হয় তাদের। অন্যদিকে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখেন। শেষ দিকে লিওনেল মেসির একটি ক্রস-শট অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়, আর জুলিয়ানো সিমেওনের একটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

আলোচনায় স্পেনের বাতিল হওয়া গোল নিয়েও মন্তব্য করেন আগিরে। নিকো উইলিয়ামসের করা গোলটি মিকেল মেরিনোর ফাউলের কারণে বাতিল হয়। এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, “নিকো উইলিয়ামসের বাতিল হওয়া গোলের ঘটনায় কী হয়েছে, পুরো বিশ্বই দেখেছে। স্পেনই প্রকৃত চ্যাম্পিয়ন।”

ফাইনালের আগেও আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনামুখর ছিলেন আগিরে। ম্যাচের আগে তিনি বলেছিলেন, ইংল্যান্ডের চেয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে তিনি বেশি স্বস্তি বোধ করবেন।

“আমি চাইছিলাম আর্জেন্টিনা ফাইনালে উঠুক, কারণ আমার বিশ্বাস ছিল স্পেনের জন্য আর্জেন্টিনাকে হারানো ইংল্যান্ডকে হারানোর চেয়ে সহজ,” বলেছিলেন তিনি।

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার পথচলা নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই স্প্যানিশ সাংবাদিক। তার দাবি ছিল, কিছু বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে।

তিনি বলেন, “যে দলকে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে যেতে হয়েছে, মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে, সেই দলকে নিয়ে এত আলোচনা কেন? তার ওপর ছিল বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত।”

এদিকে অনুষ্ঠানটির উপস্থাপক ও বিশ্লেষক জোসেপ পেদেরোলও আর্জেন্টিনা এবং কোচ লিওনেল স্কালোনির কৌশলের সমালোচনা করেন।

পেদেরোল বলেন, “মেসিকে পুরো ম্যাচেই খুঁজে পাওয়া যায়নি। বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা হতাশাজনক ফুটবল খেলেছে। তারা গোলমুখে একটি কার্যকর শটও নিতে পারেনি। স্পেন তাদের পুরোপুরি ছাপিয়ে গেছে।”

তিনি আরও যোগ করেন, “ফুটবলে কথা বলে নয়, খেলেই জিততে হয়। আর সেটাই স্পেন করে দেখিয়েছে।”

সর্বশেষ সংবাদ

ঘুষিকাণ্ডে বিতর্কের পর মুখ খুললেন পারেদেস

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। যদিও এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ