spot_img

প্রতিদিন আলু খেলে শরীরে যা ঘটে, বিশেষজ্ঞের পরামর্শ

অবশ্যই পরুন

আলু বাংলাদেশের প্রায় প্রতিটি রান্নাঘরের নিত্যসঙ্গী। অনেক বাসায় প্রতিদিনই আলু দিয়ে বিভিন্ন পদ করা হয়। অনেকেই মনে করেন আলু শুধু কার্বোহাইড্রেটের উৎস, বেশি খেলেই ওজন বাড়ে। তাহলে কি খাদ্যতালিকা থেকে আলু বাদ দেবেন? তবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক উপায়ে রান্না করা এবং পরিমিত পরিমাণে খাওয়া আলু হতে পারে একটি পুষ্টিকর খাবার। এতে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি৬ এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের গুরুত্বপূর্ণ অনেক অঙ্গের সুস্থতায় ভূমিকা রাখে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্বাস্থ্যকর উপায়ে আলু খেলে হাড়, হৃদযন্ত্র, ত্বক, পরিপাকতন্ত্র এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এই উপকারিতা নির্ভর করে আলু কীভাবে রান্না ও খাওয়া হচ্ছে, তার ওপর। আলু খেলে যেসব সুবিধা মিলে-

১. হাড় আরও মজবুত হয় 

আলুতে রয়েছে পটাশিয়াম ও ফসফরাস, যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ খনিজ। মাঝারি আকারের একটি আলু  দৈনিক প্রয়োজনীয় পটাশিয়ামের প্রায় ১৫ থেকে ২৮ শতাংশ পর্যন্ত সরবরাহ করতে পারে। পাশাপাশি ফল ও সবজি বেশি খাওয়ার অভ্যাস হাড়ের ঘনত্ব বজায় রাখতেও সহায়তা করে।

২. রক্তচাপ নিয়ন্ত্রণে

আলুর অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পটাশিয়াম। এটি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে, ফলে রক্তচাপ কমাতে ভূমিকা রাখতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, সেদ্ধ বা বেক করা আলু নিয়মিত খাওয়া ব্যক্তিদের সিস্টোলিক রক্তচাপে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।

৩. হৃদযন্ত্রের জন্য উপকারী

আলুর ফাইবার ও পটাশিয়াম হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে শর্ত একটাই আলু যেন ডিপ ফ্রাই না করা হয়। বেক, সেদ্ধ, স্টিম বা অল্প অলিভ অয়েলে রোস্ট করা আলু হৃদ্‌বান্ধব খাবার হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ফ্রেঞ্চ ফ্রাই, চিপস বা অতিরিক্ত তেলে ভাজা আলুতে থাকে বেশি সোডিয়াম ও অস্বাস্থ্যকর চর্বি, যা হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে।

আলুর ফাইবার ও পটাশিয়াম হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রদাহ নিয়ন্ত্রণে

আলুতে থাকা ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকে রক্ষা করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া আলুর খোসায় থাকা কোয়েরসেটিন নামের একটি উদ্ভিজ্জ যৌগ প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে। যদিও এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

৫. হজম ভালো রাখতে পারে

আলুতে রয়েছে দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের ফাইবার। এগুলো অন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি আলুতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে, যা সুস্থ গাট মাইক্রোবায়োম গঠনে সাহায্য করে।ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে মলত্যাগ স্বাভাবিক থাকে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমায়।

৬. ওজন নিয়ন্ত্রণে সহায়ক

অনেকের ধারণা আলু খেলেই ওজন বাড়ে। বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। সেদ্ধ, বেক বা স্টিম করা আলু তুলনামূলক কম ক্যালরিযুক্ত, চর্বি কম এবং পেট দীর্ঘ সময় ভরা রাখে। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পরিমিত পরিমাণে আলু ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে।

৭. ত্বকের জন্যও উপকারী

ভিটামিন সি, বি ভিটামিন, ক্যারোটিনয়েড ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আলু ত্বকের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ ত্বকের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৮. ইনসুলিনের কার্যকারিতা উন্নত হতে পারে

আলু রান্না করে ঠান্ডা করে আবার গরম করে খেলে এতে রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ বাড়তে পারে। এটি শরীরে ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করতে পারে বলে কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। তবে নিয়মিত অতিরিক্ত পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই বা গভীর তেলে ভাজা আলু খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধির সম্পর্কও পাওয়া গেছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আলু খাওয়াই ভালো।

সতর্ক হবেন যখন:  

  • সবুজ রঙ ধারণ করা বা অঙ্কুর গজানো আলু কখনো খাবেন না। এতে সোলানিন ও চ্যাকোনিন নামের প্রাকৃতিক বিষাক্ত উপাদান বেড়ে যায়, যা রান্নার পরও পুরোপুরি নষ্ট হয় না।
  • অতিরিক্ত তাপমাত্রায় বা খুব বেশি পুড়িয়ে রান্না করলে অ্যাক্রিলামাইড নামের একটি রাসায়নিক তৈরি হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
  • যাদের দীর্ঘমেয়াদি কিডনি রোগ  রয়েছে, তাদের উচ্চ পটাশিয়ামের কারণে আলু সীমিত পরিমাণে খেতে হতে পারে।
  • কিছু মানুষের আলুতে অ্যালার্জিও থাকতে পারে।

স্বাস্থ্যকরভাবে আলু খাবেন যেভাবে

আলু খাওয়ার উপকার পেতে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি—

  • ডিপ ফ্রাইয়ের বদলে সেদ্ধ, বেক, স্টিম বা অল্প তেলে রোস্ট করা আলু বেছে নিন।
  • আলুকে মূল খাবার নয়, বরং সাইড ডিশ হিসেবে রাখুন।
  • প্লেটের বাকি অংশ ভরুন শাকসবজি ও চর্বিহীন প্রোটিন দিয়ে।
  • অতিরিক্ত মাখন, চিজ, ক্রিম বা বেশি লবণ ব্যবহার এড়িয়ে চলুন।
  • সম্ভব হলে খোসাসহ আলু খান, কারণ এর বেশির ভাগ ফাইবার ও খনিজ খোসাতেই থাকে।

আলু কোনো অস্বাস্থ্যকর খাবার নয়। বরং এটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি, যা সঠিক উপায়ে রান্না ও পরিমিত পরিমাণে খেলে শরীরের নানা দিকের সুস্থতায় ভূমিকা রাখতে পারে। তাই আলুকে ভয় না পেয়ে, বরং রান্নার ধরন ও খাবারের ভারসাম্যের দিকে নজর দিলেই মিলতে পারে এর প্রকৃত স্বাস্থ্য উপকারিতা।

সূত্র: ভেরি ওয়েল ফুড

সর্বশেষ সংবাদ

ইরানের সামনে দুটিই পথ, চুক্তি নয়তো পূর্ণ আত্মসমর্পণ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাথে কোনো সরাসরি আলোচনা চলেনি এবং কেবল ওমানের সাথে তারা যোগাযোগ রাখছে বলে ইরান যে বিবৃতি দিয়েছে, তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ