লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ মুহূর্ত শেয়ার করে তাঁর অনুসারীদের চমকে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজের কাছ থেকে তিনি একটি উপহার পেয়েছেন। স্প্যানিশ মডেল জর্জিনার নতুন লাউঞ্জওয়্যার (আরামদায়ক ঘরোয়া পোশাক) ব্র্যান্ড মিমোয়ার পোশাক উপহার হিসেবে পেয়ে আন্তোনেলা ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ্যে তাঁকে ধন্যবাদ জানান।
উপহার পাওয়া পোশাকের একটি ছবি শেয়ার করে আন্তোনেলা লিখেছেন, “অনেক ধন্যবাদ, জর্জিনা রদ্রিগেজ। সবকিছুই দারুণ সুন্দর। তোমার জন্য পৃথিবীর সব সাফল্য কামনা করছি।” এই বার্তাটি দ্রুতই তাঁদের ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে এবং মেসি ও রোনালদোর দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আন্তোনেলা ও জর্জিনার মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটিই আবারও স্পষ্ট করে।
নিজের নতুন ব্র্যান্ডের ঘোষণা দিতে গিয়ে জর্জিনা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো এমন পোশাক তৈরি করা, যা নারীদের ওপর কোনো সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে না দিয়ে তাঁদের স্বাভাবিক সৌন্দর্যকে সম্মান জানায়। উদ্বোধনের সময় তিনি বলেন, “আমি মিমোয়া তৈরি করেছি একটি অনুভূতি থেকে—একজন নারীর শরীর এমন কিছু নয়, যাকে ঠিক করার প্রয়োজন আছে। এটি জীবন্ত, যথেষ্ট এবং সুন্দর।”
এই ব্র্যান্ডের লক্ষ্য হলো দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত—বিশ্রাম, ব্যায়াম কিংবা স্বাভাবিক চলাফেরার জন্য—আরামদায়ক ও বহুমুখী পোশাক তৈরি করা, যা ব্যবহারকারীর শরীরের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়।
আন্তোনেলা ও জর্জিনার এই সৌহার্দ্যপূর্ণ বিনিময় এমন এক সময়ে ঘটেছে, যখন আর্জেন্টিনা ও পর্তুগাল—দুই জাতীয় দলই ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। লিওনেল স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা মুখোমুখি হবে মিসরের, আর পর্তুগাল খেলবে স্পেনের বিপক্ষে।
সূত্র: টিওয়াইসি স্পোর্টস

