spot_img

সরকারি হাসপাতালে জন্মালেই মিলবে স্বর্ণের আংটি, তামিলনাড়ুতে বিজয়ের অভিনব ঘোষণা

অবশ্যই পরুন

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের জন্য এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। ‘থাই মামান সোনার আংটি’ নামের এই প্রকল্পটিকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র বরাতে জানা গেছে, তামিল সমাজের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ‘থাই মামান সির’ রীতি থেকে অনুপ্রাণিত হয়ে এই সরকারি প্রকল্পটির নকশা করা হয়েছে। ঐতিহ্য অনুযায়ী, পরিবারে নতুন অতিথির আগমনে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন তার আপন মামা। সেই পারিবারিক ও সাংস্কৃতিক আবেগকে সম্মান জানিয়ে এবার রাজ্য সরকার নিজেই নবজাতকদের ‘মামা’র ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই অভিনব উদ্যোগ। গত ২২ জুন মুখ্যমন্ত্রীর জন্মদিন থেকেই এই সুবিধা কার্যকর করা হয়েছে। অর্থাৎ, ওই দিনের পর থেকে রাজ্যের যেকোনো সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতকই এই সোনার আংটি উপহার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে। এই বিশাল কর্মযজ্ঞ সুচারুভাবে পরিচালনার জন্য রাজ্য বাজেটে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবজাতকদের পরিবারকে এক টুকরো আনন্দ উপহার দেওয়ার পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাই এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’ (টিভিকে)-এর অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এটি। দায়িত্ব নেওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই হাঁটল বিজয় সরকার, যা ইতিমধ্যে পুরো ভারতজুড়ে বেশ সাড়া ফেলেছে।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন শহীদি

আফগানিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাশমতউল্লাহ শহীদি। ২০২২ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুনে ভারত...

এই বিভাগের অন্যান্য সংবাদ