পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান পাকিস্তানের হাইকমিশনার। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় হুমায়ুন কবিরের সঙ্গে অনুষ্ঠিত তার আগের বৈঠকগুলোর কথাও স্মরণ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা করেন বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিনিধিরা।

