জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং আন্তর্জাতিক প্রবাসী সংগঠন ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’(ভিএফজিবি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম. হুসাইন, এমবিই-এর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা এবং অধিকার সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদলটি প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর নীতি গ্রহণের ওপর জোর দেন এবং আসন্ন জাতীয় বাজেটে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধীদলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে দেশে প্রবাসীদের বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও নিরাপদ ও সহায়কমূলক পরিবেশ নিশ্চিত করা এবং প্রবাসীদের জন্য বিদ্যমান সরকারি সেবার মানোন্নয়নের দাবি জানানো হয়।
বক্তব্য শোনার পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের অর্থনীতি, জাতীয় উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের রেমিট্যান্স ও গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের সব যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে জাতীয় সংসদসহ সব ফোরামে ইতিবাচক ভূমিকা পালনের দৃঢ় আশ্বাস দেন।
বৈঠকে প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিএফজিবি -এর আইনবিষয়ক নির্বাহী পরিচালক ও লন্ডনের ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নজরুল খাসরু, ভিএফজিবি অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক ও সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হুমায়ের চৌধুরী, অটোয়া থেকে আগত নির্বাহী সদস্য হুমায়ুন পাটোয়ারী, লন্ডনের নির্বাহী সদস্য শাহিদা এইচ. হুসাইন, নিউইয়র্কের ড. শওকত আলী এবং ঢাকার সমন্বয়ক ড. হান্নান মির্জা।
এছাড়াও বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এমপি উপস্থিত ছিলেন।

