ইরানের অর্থনীতির প্রকৃত অবস্থা আড়াল করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রফতানি আয় নিয়ে সরকারি কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। অভিযোগ, অর্থনীতি ভালো থাকার দাবি করলেও ইরানের সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের চাপে দিশেহারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দফতরের ফারসি ভাষার অ্যাকাউন্ট থেকে এসব অভিযোগ করা হয়।
পোস্টে বলা হয়, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দাবি করছেন, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত রয়েছে। অন্যদিকে, অর্থমন্ত্রী রফতানি বাড়ার কথা বললেও এর পক্ষে কোনো পরিসংখ্যান বা নির্দিষ্ট তথ্য তুলে ধরছেন না।
অথচ সাধারণ ইরানিরা মাংস, মুরগির মাংস ও আবাসনের মতো মৌলিক চাহিদা পূরণে ক্রমেই বেশি ব্যয়ের মুখে পড়ছেন। এসব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলেও দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।
এছাড়া, ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যের অসংগতি রয়েছে বলে উল্লেখ করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, কেন্দ্রীয় ব্যাংক যখন নিজেদের কার্যক্রমের প্রশংসা করছে, তখন পার্লামেন্ট স্পিকার গালিবাফ প্রকাশ্যেই উচ্চ মূল্যস্ফীতি ও পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির আশঙ্কার কথা জানাচ্ছেন। ফলে ইরান সরকার নিজের বক্তব্যের মধ্যেই সামঞ্জস্য রাখতে পারছে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য ইরান সরকারের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা।

