বিশ্বকাপের মূল পর্বে দায়িত্ব পাওয়া প্রথম সোমালিয়ান রেফারি হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন ওমর আরতান। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না মেলায় ২০২৬ বিশ্বকাপের অফিশিয়ালদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (কাফ) বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়া আরতানকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।
৩৪ বছর বয়সী আরতান আফ্রিকার অন্যতম শীর্ষ রেফারি হিসেবে পরিচিত। ২০১৮ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২৫ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পরিচালনা করেন তিনি। এ বছর একই প্রতিযোগিতার ফাইনালে রেফারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কর্মকর্তাদের দলের নেতৃত্বও দিয়েছেন।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আরতানকে ফেরত পাঠানোর কারণ প্রকাশ করেনি। তবে সোমালিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর একটি। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ফিফা জানিয়েছে, আরতান এবার বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারবেন না।
ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ম্যাচ কর্মকর্তা ওমর আবদুলকাদির আরতান ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে পারবেন না। আয়োজক দেশের অভিবাসন–সংক্রান্ত প্রক্রিয়া, ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের বিষয়ে ফিফার কোনো ভূমিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আপাতত তাঁর পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “আগের বিশ্বকাপগুলোর মতো এবারও কোনো ব্যক্তি ভিসা পাবেন কি না এবং তাঁকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আয়োজক দেশের সরকারের হাতেই রয়েছে।”
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, বৈধ ভ্রমণ নথিপত্র নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন এই রেফারি।
কেনিয়ার নাইরোবিতে অবস্থিত সোমালি দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, অতীতে ভিসা–সংক্রান্ত জটিলতার মুখোমুখি হওয়ায় আরতানের যাতায়াত সহজ করতে তাঁর জন্য বিশেষভাবে একটি কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করা হয়েছিল।
ঘটনার ব্যাখ্যা জানতে সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) ইতোমধ্যে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে জরুরি ব্যাখ্যা দাবি করেছে।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপবিষয়ক হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান আন্ড্রু গিওলিয়ানি বলেন, “নেতিবাচক বা গোপন তথ্যের বিষয়ে আমি বিস্তারিত বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সিদ্ধান্তটি যথাযথ ছিল এবং আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করি।”
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে আরতান জানিয়েছেন, তিনি এখন ভবিষ্যতের দিকেই মনোযোগ দিতে চান। তাঁর ভাষায়, “এই পরিস্থিতির মধ্য দিয়েও আমি ইতিবাচক রয়েছি এবং আমার রেফারিং ক্যারিয়ারের পরবর্তী চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাকে সমর্থন ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠানো ফুটবল পরিবারের সবাইকে ধন্যবাদ। বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আমার সহকর্মীদের জন্য শুভকামনা রইল। ভবিষ্যতের কোনো প্রতিযোগিতায় আবার তাঁদের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকলাম।”
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পালনের জন্য ফিফা যে ৫২ জন রেফারিকে নির্বাচন করেছে, আরতান ছিলেন তাঁদের একজন। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত।

