spot_img

মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

অবশ্যই পরুন

নাইজারের উত্তরাঞ্চলের সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে আটকা পড়ার পর তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। নিহতরা প্রতিবেশী দেশ মালি থেকে একটি মুসলিম ধর্মীয় উৎসবে অংশ নিয়ে ফেরার পথে ছিলেন।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যাত্রীরা নাইজার-আলজেরিয়া সীমান্তের গুরুত্বপূর্ণ প্রবেশপথ আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির মধ্যে আটকা পড়েন।

আগাদেজ অঞ্চলের গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র গরম, পানির সংকট এবং সরবরাহকেন্দ্রের অভাবের কারণে যাত্রীরা চরম প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েন। ট্রাকটি মালির তেলহানদেক শহর থেকে যাত্রা শুরু করলেও পরে নির্ধারিত পথ থেকে সরে যায়। কয়েক দিন ধরে চালক ও যাত্রীরা যানবাহনটি মেরামতের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।

দুর্ঘটনায় মাত্র দুইজন জীবিত উদ্ধার হন। তারা দীর্ঘ পথ পায়ে হেঁটে আসামাকায় পৌঁছে কর্তৃপক্ষকে ঘটনার বিষয়ে অবহিত করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অচল ট্রাকের নিচে ও আশপাশে বহু মরদেহ খুঁজে পায় এবং নিহতদের গণকবরে দাফন করে।

উদ্ধার অভিযানের সময় আরেকটি বিকল ট্রাকের সন্ধান পাওয়া যায়, যেখানে ৬০ জনের বেশি যাত্রী তিন দিন ধরে আটকে ছিলেন। সেনাসদস্যদের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল তাদের মধ্যে পানি বিতরণ করে এবং যানবাহনটি মেরামতে সহায়তা করে। ফলে তারা নিরাপদে যাত্রা পুনরায় শুরু করতে সক্ষম হন।

গভর্নর বলেন, এই মর্মান্তিক ঘটনা সীমান্তবর্তী অঞ্চলে অভিবাসন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত তরুণদের ঝুঁকিপূর্ণ বাস্তবতাকে তুলে ধরেছে। উন্নত জীবনের আশায় অনেকেই এখনো সাহারা মরুভূমির মতো বিপজ্জনক পথ ব্যবহার করছেন।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপমুখী অভিবাসীদের জন্য নাইজারের মরুভূমি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধে ইরানের সামরিক শক্তি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’, ক্ষেপণাস্ত্র মজুত মাত্র ২১% : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর দেশটির সামরিক শক্তি 'সম্পূর্ণভাবে ধ্বংস' হয়ে গেছে এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ