রোমানিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়া হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় দুই জন আহত হয়েছেন। ওই হামলার পর যুক্তরাষ্ট্র বলছে, তারা রোমানিয়ার পাশে রয়েছে এবং ন্যাটো রাষ্ট্রসমূহের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে।
ন্যাটোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ম্যাট হুইটাকার বলেছেন, ওয়াশিংটন ন্যাটো মিত্র রোমানিয়ার পাশে রয়েছে এবং দেশটির ভূখণ্ডে এই বেপরোয়া অনুপ্রবেশের নিন্দা জানায়।
তিনি আরও বলেন, “গালাতিতে আহত ব্যক্তিদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমরা ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করব।”
ইউক্রেন যুদ্ধ এবং এর ফলে প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোর ওপর প্রভাব সম্পর্কে ট্রাম্প প্রশাসনের অবস্থান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান থেকে ভিন্ন ছিল।
বাইডেনের তুলনায় ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমর পুতিনের সঙ্গে তুলনামূলকভাবে ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি পুতিনকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে স্বাগত জানিয়েছিলেন, যদিও ২০২৩ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
এ মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পৃথকভাবে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। ওই যুদ্ধবিরতিগুলো মূলত সোভিয়েত ইউনিয়নের নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় উদযাপন উপলক্ষে ঘোষণা করা হয়েছিল।
সূত্র: বিবিসি

