অস্ত্র বা মিসাইল নয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার (২৭ মে) ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। বৈঠকটি পোপের আসন্ন স্পেন সফরের আগে অনুষ্ঠিত হলো।
সানচেজ বলেন, স্পেন ও ভ্যাটিকানের অভিন্ন অবস্থান “সম্পূর্ণ সাধারণ বুদ্ধিবৃত্তিক একটি এজেন্ডা” প্রতিফলিত করে। এর মধ্যে রয়েছে যুদ্ধের পরিবর্তে কূটনীতির সমর্থন এবং অভিবাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি।
সানচেজ বলেন, “মিসাইল দিয়ে শান্তি গড়া যায় না। শান্তি গড়া হয় সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে।” তিনি এই কঠিন সময়ে কূটনীতির প্রতি পোপের প্রতিশ্রুতিরও প্রশংসা করেন।
স্পেনের সমাজতান্ত্রিক নেতা বিশ্বজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধির সমালোচনা করেন, যখন মানবিক সহায়তা কমছে। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে সহায়তা কমে গেলেও স্পেন তাদের আন্তর্জাতিক সহায়তা ১৩ শতাংশ বাড়িয়েছে।
তিনি বলেন, “অন্যরা যে শূন্যতা তৈরি করেছে, স্পেন একা তা পূরণ করতে পারে না।” তবে তিনি এই বৃদ্ধি “একেবারেই যথেষ্ট নয়”, যদিও “সঠিক দিকের পদক্ষেপ” বলে মন্তব্য করেন।
সানচেজ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পোপের মনোযোগেরও প্রশংসা করেন এবং এ বিষয়ে পোপের প্রথম এনসাইক্লিক্যাল বা ধর্মীয় নির্দেশনামূলক চিঠিকে স্বাগত জানান।
তিনি বলেন, “কোনো প্রযুক্তিই নিরপেক্ষ নয়। আমরা একমত যে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন এআই প্রয়োজন।”
অভিবাসন প্রসঙ্গে সানচেজ বলেন, স্পেন ও ক্যাথলিক চার্চ উভয়েই বিশ্বাস করে যে “মানুষের মর্যাদা সবার আগে।”
পোপ আগামী ৬ থেকে ১২ জুন স্পেন সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে তিনি মাদ্রিদ, বার্সেলোনা, ক্যানারি দ্বীপপুঞ্জ এবং কাতালোনিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে।
সানচেজের মতে, এই সফরে মাদ্রিদে পার্লামেন্টে ভাষণ, ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনকেন্দ্রিক কার্যক্রম, কাতালোনিয়ায় একটি কারাগার পরিদর্শন এবং বার্সেলোনার সাগরাদা ফামিলিয়া ব্যাসিলিকায় একটি অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে।
সানচেজ আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে স্পেন সরকার ও ভ্যাটিকানের মধ্যে ইতিবাচক সহযোগিতা হয়েছে। এর মধ্যে রয়েছে ধর্মযাজকদের যৌন নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ নিয়ে সমঝোতা এবং ভ্যালি অব কুয়েলগামুরোস স্মৃতিস্তম্ভের নতুন তাৎপর্য নির্ধারণ। এই স্মৃতিস্তম্ভেই একসময় একনায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর দেহাবশেষ রাখা ছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়।
এদিকে, নিজের সমাজতান্ত্রিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের আপডেট পাওয়ায় সানচেজ সংবাদ সম্মেলনে দেরিতে পৌঁছান।
তিনি আগাম নির্বাচনের দাবিগুলো প্রত্যাখ্যান করেন এবং বলেন, সরকার চলমান তদন্তে সহযোগিতা করবে।
সূত্র: আনাদলু

