দীর্ঘসময়ের প্রতীক্ষার অবসান, অবশেষে মরুর বুকে ধরা দিল সেই অধরা শিরোপা। রিয়াদের আলআউয়াল পার্কে তখন রেফারির শেষ বাশি বেজেছে, কানায় কানায় পূর্ণ গ্যালারির গগনবিদারি উল্লাস আর সাইডলাইনে চিরচেনা সেই হাসি, এক বুক স্বস্তি আর ট্রফি জয়ের অপার্থিব আনন্দ। এরপর সতীর্থদের সাথে শিরোপা উৎসব- প্রথমবারের মতো আল নাসরের হয়ে লিগ শিরোপা জয়ের গল্পটা লিখে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
জিতলেই শিরোপা- এমন লক্ষ্য নিয়ে দামাকের বিপক্ষে ঘরের মাঠে নামে আল নাসর। আর সেই ম্যাচটাই ভিন্ন রঙে রাঙিয়েছেন রোনালদো। ম্যাচের ৩৩ মিনিটেই লিড নেয় তার দল। কর্ণার থেকে পাওয়া বল হেডে প্রতিপক্ষের জালে জড়ান সাদিও মানে। ৫১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নিচু শটে গোলের দেখা পান কিংসলে কোম্যান। তাতে ২-০তে এগিয়ে যায় আল নাসর।
৫৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান কমায় দামাক। তবে রিয়াদের মাটিতে বাকি গল্পটা লেখেন সিআরসেভেন। ৬২ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক শটে গোলের দেখা পান এই পর্তুগিজ সুপারস্টার।
৩-১ এ এগিয়ে থেকে যখন শিরোপার স্বপ্ন রঙিন হচ্ছে আল নাসরের। তখন ৮০ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রোনালদো। বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে সিউউউ উদযাপনে মাতেন সিআরসেভেন।
দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার পর বাকিটা ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। ৪-১ এর দাপুটে জয়ে ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থেকে সৌদি প্রো লিগের শিরোপা উৎসবে মাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
২০২৩ সালে ইউরোপ ছেড়ে সৌদি লিগে যোগ দেওয়ার পর থেকে বড় কোনো ক্লাব শিরোপার আক্ষেপটা নিশ্চই পুড়িয়েছে রোনালদোকে। ২০২১ সালে জুভেন্টাসের হয়ে কোপা ইতালিয়া জয়ের পর আর কোনো বড় ক্লাব শিরোপা স্মৃতির ফ্রেমেবন্দি করতে পারেননি সিআরসভেন। পাঁচ বছরের সেই অপেক্ষা অবশেষে কেটেছে ট্রফি হাতে হাসি মুখেই।

