সাভারে সংবাদ সংগ্রহে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন দেশ টিভির দুই সাংবাদিক। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সাভারের আইচা নোয়াদ্দায় হামলা, গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন, দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকে সয়লাব সাভার পৌরসভার শাহীবাগ, আইচা নোয়াদ্দা, রাজাশনসহ আশপাশের পুরো জনপদ। এমন তথ্যের সত্যতা যাচাইয়ে দুপুরে সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হন দেশ টিভির দুই সাংবাদিক।
এসময় মাদক ব্যবসায়ীরা প্রধান সড়ক থেকে তাদের দুইজনকে জিম্মি করে তুলে নিয়ে যায়। স্থানীয় একটি গ্যারেজে আটকে রেখে তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন চালায় মাদক সিন্ডিকেটের সদস্যরা। এ সময় গাড়িসহ ক্যামেরা ভাঙচুর করার পাশাপাশি ক্যামেরার মেমোরি কার্ডও ছিনিয়ে নেয় মাদক ব্যবসায়ীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সাংবাদিকসহ সাভার থানা পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় একটি রিকশা গ্যারেজ থেকে দুইজনকে উদ্ধার করে থানা পুলিশ। এসময় ৪ জনকে আটক করা হয়। তবে অভিযানের খবরে পালিয়ে যায় অন্য মাদক ব্যবসায়ে অভিযুক্তরা।
এদিকে, আহত দুই সাংবাদিককে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

