spot_img

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই: ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান অভিন্ন। শুক্রবার (১৫ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিতীয় দফা বৈঠক শেষে এ কথা জানান তিনি। এদিকে, স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের দাবি— অনন্য উচ্চতায় পৌঁছেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। দু’দেশের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে; যাতে লাভজনক হবে উভয়পক্ষ।

এদিন সকালেই চীনের ঐতিহ্যবাহী ঝংনানহাই পোঁছায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন, দু’দেশের সীমিত সংখ্যক প্রতিনিধি। রুদ্ধদ্বার আলোচনায় সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়।

চা চক্রের মাধ্যমে শুরু হয় আলোচনা। এদিন, ট্রাম্প ও জিনপিংয়ের ওয়ান টু ওয়ান বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট প্রশংসায় ভাসান শি’কে। বিস্তারিত না জানালেও দাবি, উভয় পক্ষের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে।
ট্রাম্প বলেন, ‘অসাধারণ এই সফরে ভালো কিছু হয়েছে। বেশকিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে; যা উভয় দেশের জন্যই চমৎকার। শি’র ব্যক্তিত্বকে অত্যন্ত শ্রদ্ধা করি। পরস্পরকে একযুগ ধরে চিনি, নিঃসন্দেহে এটা দীর্ঘ সময়। আমরা এমন অনেক সমস্যার সমাধান করেছি; যা অন্যরা পারত না। আমাদের সম্পর্ক খুবই দৃঢ়।’

ইরান ইস্যুতেও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। তার দাবি, যুদ্ধ বন্ধের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় অভিন্ন। তিনি বলেন, ‘ইরান নিয়েও আলোচনা হয়েছে। কীভাবে যুদ্ধের অবসান ঘটানো যায়, সে ব্যাপারে দু’দেশের অবস্থান প্রায় একই। চাই না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। হরমুজ প্রণালিও খোলা রাখতে চাই।’

ট্রাম্পের সফরকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বলেছেন, উপহার হিসেবে চীনা গোলাপের বীজ পাঠাবেন যুক্তরাষ্ট্রে।

শি বলেন, ‘ ট্রাম্পের সফরটি ঐতিহাসিক ও যুগান্তকারী। একটি নতুন দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থাৎ কৌশলগত স্থিতিশীলতার একটি গঠনমূলক সম্পর্ক স্থাপন করা হয়েছে। একে মাইলফলক সফর বলা যেতে পারে।’

আলোচনা শেষ হয় মধ্যাহ্নভোজের মাধ্যমে। এর আগে, ট্রাম্পকে ঝংনানহাই ঘুরে দেখান শি। বহুল আলোচিত সফর শেষে এখন বাড়ির পথে মার্কিন প্রেসিডেন্ট।

 

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো জাপান

আর্সেনালের সাবেক ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে নিয়ে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু। অথচ একের...

এই বিভাগের অন্যান্য সংবাদ