ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের ন্যায্য অধিকার মেনে নেয়া ছাড়া আন্তর্জাতিক মহলের সামনে আর কোনো কার্যকর পথ নেই; অন্যথায় যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে আরও রাজনৈতিক ও আর্থিক মূল্য দিতে হবে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আন্তর্জাতিক মহলের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানি জনগণের ন্যায্য অধিকার মেনে নেয়া ছাড়া বর্তমানে আর কোনো পথ খোলা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন, ১৪ দফার প্রস্তাবে ইরানিদের যেসব অধিকারের কথা বলা হয়েছে, সেগুলো মেনে নেয়াই হবে বুদ্ধিমানের কাজ।
তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান বাস্তবতায় অন্য যেকোনো কৌশল বা অবস্থান শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য এবং এর ফলে কেবল একের পর এক পরাজয়ই বরাতে জুটবে।
তার মতে, পরিস্থিতির দাবি মেনে না নিলে সামনের দিনগুলোতে কেবল জটিলতাই বাড়বে।
যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে গালিবাফ বলেন, বিষয়টি নিয়ে তারা যত দেরি করবেন, মার্কিন করদাতাদের পকেট থেকে তত বেশি অর্থ খসবে। অর্থাৎ কালক্ষেপণ করলে শেষমেশ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে খোদ যুক্তরাষ্ট্রকেই।
কোনো প্রকার রাখঢাক না করেই তিনি জানিয়ে দিয়েছেন, ইরানি জনগণের অধিকার আদায়ে তেহরানের অবস্থান অত্যন্ত সুদৃঢ়।
সূত্র: টাইমস অব ইসরায়েল

