আট মাস কারাভোগের পর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সোমবার (১১ মে) ব্যাংককের কারাগারের বাইরে ৭৬ বছর বয়সী এই নেতাকে স্বাগত জানাতে জড়ো হন শত শত সমর্থক ও রাজনৈতিক সহযোগী। খবর রয়টার্সের।
ব্যাংককের ক্লং প্রিম কারাগার থেকে ছোট করে কাটা চুল ও সাদা শার্ট আর নীল প্যান্ট পরে বেরিয়ে আসেন থাকসিন। হাসিমুখে তিনি পরিবারের সদস্যদের আলিঙ্গন করেন। এসময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা।
উল্লেখ্য, নিজের ব্যবসায়িক স্বার্থে ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় লটারি প্রকল্পে অনিয়মের অভিযোগে মামলা হয়েছিল থাকসিনের বিরুদ্ধে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে স্বার্থের সংঘাত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এদিকে, ১৫ বছরের স্বেচ্ছানির্বাসনের পর ২০২৩ সালে থাইল্যান্ডে ফিরে আসেন তিনি। শুরুতে ৮ বছরের কারাদণ্ড হলেও পরে তা কমিয়ে এক বছর করা হয়। প্রথমে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে সাজা ভোগ করার পর পরবর্তীতে তার কারাগারে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
গত এপ্রিল মাসে কারা কর্তৃপক্ষ তার বয়স ও সদাচরণের কারণে প্যারোলে মুক্তির অনুমোদন দেয়। এবং আগামী ৪ মাস তাকে নজরদারির আওতায় রাখা হবে বলে জানানো হয়।

