spot_img

রিয়াল মাদ্রিদে চরম অস্থিরতা, এবার হাতাহাতিতে জড়ালেন দুই তারকা

অবশ্যই পরুন

মাঠের পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের অস্থিরতায় উত্তাল হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লা লিগার শিরোপাও যখন হাতছাড়া হওয়ার পথে, ঠিক তখনই সামনে এল ড্রেসিংরুমের বিশৃঙ্খলার খবর। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র দাবি অনুযায়ী, ক্লাবের দুই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনি দ্বন্দ্বে জড়িয়েছেন; যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত।

ঘটনার সূত্রপাত হয় ক্লাবটির অনুশীলন সেশনে। একটি সাধারণ ফাউলকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয় ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে তারা একে অপরকে ধাক্কা দেন এবং হাতাহাতি শুরু করেন। পরবর্তীতে দলের অন্য সতীর্থরা এসে তাদের শান্ত করেন। তবে উত্তজনা সেখানেই থামেনি, ড্রেসিংরুমেও তাদের মধ্যে তীব্র বাদানুবাদ চলে বলে জানা গেছে।

অস্থিরতার চিত্র এখানেই শেষ নয়। সম্প্রতি আন্তোনিও রুডিগার ও আলভারো ক্যারেরাসের মধ্যকার ‘চড়কাণ্ড’ নিয়েও তোলপাড় চলছে ফুটবল পাড়ায়। জানা যায়, অনুশীলনের সময় রুডিগার ক্যারেরাসকে চড় মারেন। যদিও ক্যারেরাস পরে বিবৃতির মাধ্যমে জানান যে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। তবে মার্কার দাবি—পরিস্থিতি শান্ত দেখাতে চাইলেও দলের ভেতরের বাস্তবতা আসলে চরম উত্তেজনাকর।

আগামী রোববার ক্যাম্প ন্যুতে মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বর্তমানে বার্সেলোনা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে; মাত্র এক পয়েন্ট পেলেই তাদের লা লিগা নিশ্চিত হয়ে যাবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে দলের প্রধান খেলোয়াড়দের মধ্যকার এই বিভেদ লস ব্লাঙ্কোসদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিরোপাহীন মৌসুমের শঙ্কায় থাকা রিয়াল মাদ্রিদ কি পারবে এই অভ্যন্তরীণ কলহ মিটিয়ে এল ক্লাসিকোতে ঘুরে দাঁড়াতে? ফুটবল বিশ্বের চোখ এখন সেদিকেই।

সর্বশেষ সংবাদ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ