‘ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে আলোচনাই এড়িয়ে যাচ্ছে। ফলে এই যুদ্ধ দ্রুত শেষ করা সম্ভব হবে কি না’—উল্লেখ করে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
‘ইরান ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশল বা নির্দিষ্ট প্রস্থান পরিকল্পনা নেই’ বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর। অবশ্য এই বক্তব্যের জবাবে পাল্টা কড়া প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রকাশ্য এই মতবিরোধের পরও ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো রয়েছে বলে দাবি করেছেন জার্মান চ্যান্সেলর।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রিডরিখ মের্ৎস বলেন, ‘শুরু থেকেই ইরান যুদ্ধের কৌশলগত দিক নিয়ে তার গভীর সন্দেহ ছিল। তার মতে, যুক্তরাষ্ট্র এখনো স্পষ্টভাবে বলতে পারেনি—এই যুদ্ধ কীভাবে শেষ হবে বা সেখান থেকে বেরিয়ে আসার পথ কোনটি। মের্ৎস দাবি করেন, ইরান প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে এবং আলোচনার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের কৌশল যথেষ্ট বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না।’
মের্ৎস আরও জানান, ‘এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জার্মানি ও ইউরোপ সরাসরি ক্ষতির মুখে পড়ছে। এতে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে এবং ইউরোপের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। এই কারণেই বার্লিন ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে।’
মের্ৎসের এই মন্তব্যের পরদিনই তার সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জার্মান চ্যান্সেলর মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে—এমন ধারণা পুরোপুরি ভুল। ট্রাম্পের ভাষায়, ‘তিনি জানেনই না তিনি কী বলছেন।’
সূত্র: প্রেসটিভি ও আল-জাজিরা

