দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে চীন ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ফিলিপাইনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিং কুয়ানের এক মন্তব্যে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সংঘাত বাধলে চীন ‘সহজেই জয়ী হবে’ রাষ্ট্রদূতের এমন বক্তব্যকে বলপ্রয়োগের ‘প্রচ্ছন্ন হুমকি’ হিসেবে দেখছে ফিলিপাইন। এর কড়া জবাবও দিয়েছে ম্যানিলা।
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি চীনকে এ অঞ্চলের ‘ঝামেলা সৃষ্টিকারী’ বা ট্রাবলমেকার বলে আখ্যা দিয়েছিলেন। মূলত সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়েই গত বৃহস্পতিবার সাংবাদিকদের জিং কুয়ান বলেন, ‘যেকোনো সংঘাতে চীন সহজেই জিততে পারে। তবে আমরা শান্তি ভালোবাসি বলে বলপ্রয়োগ করব না।’
মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ফিলিপাইনের সঙ্গে চীনের এই বাগ্যুদ্ধ অবশ্য নতুন নয়। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) অন্তর্গত বিভিন্ন প্রবালপ্রাচীর ও দ্বীপের মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে দেশ দুটির মধ্যে বিরোধ চলছে। ওই অঞ্চলে দুই দেশের কোস্টগার্ডও বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স

