কয়েকডিন ধরেই বেশ গরম পড়ছে। আর এই গরমে নানান রোগ বেড়ে যায়। অনেকে মনে করেন গরমের সময় মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যা বেড়ে যায়। এই বিষয়টি নিয়ে বিস্তারিত এ নিয়ে নতুন করে সতর্ক করছেন চিকিৎসকরা।বিশেষজ্ঞদের মতে, উচ্চ তাপমাত্রা শুধু অস্বস্তিই নয়, বরং মস্তিষ্কের রক্তনালির পরিবর্তনের মাধ্যমে মাইগ্রেনকে আরও তীব্র করে তুলতে পারে।
চিকিৎসকদের মতে, মাইগ্রেন শুধু সাধারণ মাথাব্যথা নয়, এটি একটি স্নায়বিক রোগ, যা নির্দিষ্ট কিছু কারণে আরও তীব্র হতে পারে। ক্যানপুরের রিজেন্সি হেলথের প্রধান কনসালট্যান্ট ডা. রূপালী মেহরোত্রা জানান, গরমের সময় মাইগ্রেনের রোগীদের মধ্যে পরামর্শ নেয়ার প্রবণতা বাড়ে। তিনি বলেন, উচ্চ তাপমাত্রায় শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ প্রক্রিয়া বা থার্মোরেগুলেশন সক্রিয় হয়, যার ফলে মস্তিষ্কের রক্তনালিগুলো প্রসারিত হয়। এই প্রক্রিয়াকে ভাসোডাইলেশন বলা হয়। মাইগ্রেনপ্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে এই পরিবর্তন ব্যথার অনুভূতি বাড়িয়ে দিতে পারে।
তিনি আরও বলেন, গরমে পানিশূন্যতা মাইগ্রেনের অন্যতম বড় কারণ। শরীরের পানির মাত্রা মাত্র ২ শতাংশ কমে গেলেও মস্তিষ্কের টিস্যু সংকুচিত হতে পারে, যা ব্যথা রিসেপ্টরকে উদ্দীপিত করে মাথাব্যথা সৃষ্টি করে।
চিকিৎসকের মতে, দুপুর ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে তীব্র সূর্যালোকও মাইগ্রেন বাড়াতে পারে, কারণ এটি ভিজ্যুয়াল কর্টেক্সকে অতিরিক্ত উদ্দীপিত করে। পাশাপাশি গরম রাতে ঘুমের ব্যাঘাতও এ সমস্যাকে আরও জটিল করে তোলে। ডা. রূপালী মেহরোত্রা জানান, মাইগ্রেন ও সাধারণ পানিশূন্যতাজনিত মাথাব্যথার মধ্যে পার্থক্য রয়েছে। মাইগ্রেন সাধারণত এক পাশে তীব্র ধকধকে ব্যথা হিসেবে দেখা দেয়, যা নড়াচড়া করলে বাড়ে এবং সঙ্গে বমিভাব ও আলোতে অস্বস্তি থাকে। অন্যদিকে পানিশূন্যতার মাথাব্যথা সাধারণত পুরো মাথাজুড়ে হালকা ব্যথা হয় এবং পানি পান করলে কমে যায়।
সমাধান প্রসঙ্গে ডা. রূপালী মেহরোত্রা তিনি বলেন, শুরুতেই রোগীকে ঠান্ডা ও অন্ধকার ঘরে বিশ্রাম দিতে হবে এবং পর্যাপ্ত পানি বা ইলেকট্রোলাইট গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে প্রাথমিক পর্যায়ে রিজ ট্রিপটানস ও ন্যাপ্রোক্সেন সোডিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে।
তিনি আরও পরামর্শ দেন, প্রতিদিন ২.৫ থেকে ৩ লিটার পানি পান করা, গরমে দীর্ঘ সময় বাইরে না থাকা, নিয়মিত খাবার খাওয়া, হালকা ও পানিযুক্ত খাবার গ্রহণ, ইউভি সুরক্ষিত পোশাক ব্যবহার এবং নিয়মিত ঘুমের অভ্যাস মেনে চলা মাইগ্রেনের ঝুঁকি কমাতে সাহায্য করে। চিকিৎসক সতর্ক করে বলেন, যদি হঠাৎ খুব তীব্র মাথাব্যথার সঙ্গে জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা বিভ্রান্তি দেখা দেয়, তবে তা সাধারণ মাইগ্রেন নয় এবং দ্রুত চিকিৎসা নেয়া জরুরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

