ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে কঠোর পদক্ষেপ নিয়েছে বাহরাইন। ইরানের প্রতি সমর্থন বা প্রশংসা তথা সহানুভূতি প্রকাশের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত নতুন করে অঞ্চলজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ ও তাদের কর্মকাণ্ডের প্রশংসা করার অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে বাহরাইন জানিয়েছে। নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে সংশ্লিষ্টদের পরিবারের সদস্যরাও রয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানায়, যেসব ব্যক্তি ‘ইরানের শত্রুতামূলক ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি ও প্রশংসা’ প্রকাশ করেছেন, তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, পরিবারের সদস্যদেরসহ মোট সংখ্যা এখন পর্যন্ত ৬৯ জনে পৌঁছেছে।
এর আগে গত মার্চ মাসে বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট ‘ইরানের শত্রুতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচার ও বড় করে দেখানোর’ অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রথম শুনানি করে। তবে অভিযুক্তের সংখ্যা উল্লেখ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকা আঞ্চলিক বিভিন্ন দেশে হামলা চালায়।
এই সংঘাতে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হন। পরে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

