বাংলাদেশের জার্সি প্রথমবার গায়ে জড়িয়েছেন ২০১৭ সালে। অথচ ৯ বছর পেরিয়ে গেলেও দেশের হয়ে কখনো টি-টোয়েন্টি খেলা হয়নি। সেই অপেক্ষা এবার ঘুচতে পারে শারমিন সুলতানার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে স্কোয়াডে রেখেছে বিসিবি।
১৫ সদস্যের দলে আর কোনো চমক নেই। দলকে যথারীতি নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।
রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দিয়েই ৭ বছর পর এই সংস্করণে ফেরেন শারমিন। ৩২ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার এবার টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায়।
আগামী জুনে ইংল্যান্ডে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতির বড় মঞ্চ আসন্ন টি-টোয়েন্টি সিরিজ। তাই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে মোটামুটি গোছানো দল নিয়েই নামবে বাংংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ তিনটি ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে। সব কটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। খেলা শুরু দুপুর দেড়টায়।
বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।
স্ট্যান্ড বাই: ফারজানা হক, শরীফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার।

