spot_img

৩৫ লাখ ফিলিস্তিনির ছবি অ্যামাজনে, নজরদারিতে ইসরায়েলের নতুন কৌশল

অবশ্যই পরুন

ফিলিস্তিনিদের ওপর নজরদারি বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী ফিলিস্তিনিদের প্রায় ৩৫ লাখ ছবি অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মে আপলোড করেছে। এসব ছবি বিশ্লেষণে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তি রেকগনিশন ব্যবহার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ফাঁস হওয়া নথি ও সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরুর দিকে এসব ছবি অ্যামাজনের ক্লাউডে স্থানান্তর করা হয়। ওই সময় গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চলছিল।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনীর সফটওয়্যার ইউনিটের অধীন ‘রোলিং স্টোন’ নামে পরিচিত একটি বিভাগ এসব ছবি আপলোড করে। ফিলিস্তিনিদের ব্যক্তিগত তথ্য, ছবি ও গোয়েন্দা তথ্য সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বিভাগটি। গাজা ও পশ্চিম তীরের বাসিন্দাদের বিপুলসংখ্যক ছবি তাদের ডেটাবেজে রয়েছে।

সামরিক বাহিনীর কয়েকটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনিদের ছবি বিশ্লেষণ এবং মুখ শনাক্ত করার প্রকল্পে অ্যামাজনের রেকগনিশন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা ছিল। তবে আপলোড করা ৩৫ লাখ ছবির সবগুলোই গাজার বিভিন্ন চেকপয়েন্ট থেকে সংগ্রহ করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর ইসরায়েলি সেনারা বিভিন্ন চেকপয়েন্টে ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করতে থাকে। বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাওয়া অনেক ফিলিস্তিনিকেও এসব চেকপয়েন্টে ছবি তোলার মুখোমুখি হতে হয়। পরে সংগৃহীত ছবির সঙ্গে সামরিক বাহিনীর ডেটাবেজে থাকা ছবির মিলিয়ে পরিচয় শনাক্ত করা হতো বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে।

ফিলিস্তিনিদের ওপর নজরদারিতে ইসরায়েল আগে থেকেই ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে আসছে। বিশেষ করে পশ্চিম তীরে বিভিন্ন চেকপয়েন্টে মুখ শনাক্ত করার প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সেনারা বিশেষ স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করেন। ‘ব্লু উলফ’ নামে পরিচিত এমন একটি অ্যাপের মাধ্যমে কারও মুখ স্ক্যান করে তার ব্যক্তিগত তথ্য এবং গ্রেপ্তারের তালিকায় নাম রয়েছে কি না, তা জানা যায়।

গাজায় হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর জিম্মিদের শনাক্ত করতেও অ্যামাজনের রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে এ প্রযুক্তি কাজে লাগানো হয়। তবে দ্য নিউইয়র্ক টাইমসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, জনসমাগম ও ড্রোনের ফুটেজ থেকে মুখ শনাক্ত করতে গিয়ে অনেক সময় বেসামরিক মানুষকেও ভুলভাবে যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ‘প্রজেক্ট নিম্বাস’ নামে কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তির মাধ্যমে অ্যামাজন ও গুগল ইসরায়েল সরকার এবং সামরিক বাহিনীকে ক্লাউড সেবা দিতে শুরু করে। এ চুক্তির আওতায় ২০২৩ সালের শুরুর দিকে ইসরায়েলে নতুন ডেটাসেন্টার চালু করে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। এর ফলে ইসরায়েলি সরকারি ও সামরিক সংস্থাগুলো নিজেদের সার্ভারে থাকা বিপুল তথ্য অ্যামাজনের ক্লাউডে স্থানান্তরের সুযোগ পায়।

নথি অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনীর সংবেদনশীল গোয়েন্দা তথ্য ও সামরিক কার্যক্রমের তথ্য সংরক্ষণের জন্য অ্যামাজনের ডেটাসেন্টারে বিশেষ নিরাপত্তাবেষ্টিত একটি পৃথক অংশ রাখা হয়েছে। এটিকে ‘ওয়ালড গার্ডেন’ নামে উল্লেখ করা হয়েছে।

রোলিং স্টোন বিভাগের এক সামরিক সূত্র জানিয়েছে, ২০২৩ সালজুড়ে তাদের বিভিন্ন ডেটাবেজ অ্যামাজনের ক্লাউডে স্থানান্তরের কাজ চলেছে। ছবি, ভিডিও এবং গোপন গোয়েন্দা তথ্যসহ সবকিছুই সেখানে নেওয়ার পরিকল্পনা ছিল।

এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকদের ক্লাউডে সংরক্ষিত তথ্য বা কার্যক্রম সম্পর্কে তাদের সরাসরি জানার সুযোগ নেই। গ্রাহকদের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে তাদের অনুমতি ছাড়া কোনো সম্পর্ক নিয়েও মন্তব্য করা হয় না।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নজরদারি প্রযুক্তির ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের একটি তদন্ত কমিশন, ইসরায়েলি মানবাধিকার সংগঠন এবং গণহত্যা বিশেষজ্ঞদের একাংশ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েল।

সূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ সংবাদ

নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি

শুরুটা ছিল হতাশার, শেষটা রূপ নিল দাপুটে প্রত্যাবর্তনে। উয়েফা নেশনস লিগে প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া জার্মানি...

এই বিভাগের অন্যান্য সংবাদ