ঘরের মাঠে গোলশূন্য ড্র করেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। স্পোর্টিং সিপির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ ব্যবধানের জয়ই শেষ পর্যন্ত রক্ষা করেছে গানারদের।
লন্ডনের এমিরেটসে চিত্রটা ছিল ভিন্ন। লিসবনে কাই হাভার্টজের সেই মহামূল্যবান এক গোলের লিড পুঁজি করে মাঠে নেমেছিল আর্সেনাল। পুরো ম্যাচে ১৬টি শট নিয়ে আধিপত্য দেখালেও ফিনিশিংয়ের অভাবে বারবার হতাশ হতে হয়েছে গানারদের।
চোটের কারণে বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডকে ছাড়া আর্সেনাল মাঠে ছিল প্রায় ছন্নছাড়া। লিয়ান্দ্রো ট্রসার্ডের হেড পোস্টে লেগে ফিরে এলে উদ্বেগ বাড়ে গ্যালারিতে। লিসবনের কাতামোর শটও পোস্টে লেগে ফিরে এলে বড় বাঁচা বাঁচে গানাররা।
তবে শেষ মুহূর্তে গোলরক্ষক ডেভিড রায়ার দৃঢ়তা আর ডিফেন্সের ইস্পাতকঠিন দেয়ালে ভেস্তে যায় স্পোর্টিং সিপির সব প্রচেষ্টা। গোলশূন্য ড্র হলেও এগ্রিগেটে ১-০ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করে মিকেল আর্তেতার দল।
ফাইনালে ওঠার লড়াইয়ে আর্সেনাল লড়বে বার্সেলোনা বধকারী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আগামী ৩০ এপ্রিল মাদ্রিদে প্রথম লেগ দিয়ে শুরু হবে গানারদের নতুন স্বপ্নযাত্রা।

