spot_img

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, একদিনে নিহত অন্তত ২৩ ফিলিস্তিনি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকার মধ্যেই গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে চিকিৎসা সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।

বুধবারের হামলায় নিহতদের মধ্যে ১১ বছর বয়সী এক কন্যাশিশুও রয়েছে। গাজা সিটির তুফাহ ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে প্রাণ হারান অন্তত ১৪ জন। দক্ষিণ গাজার খান ইউনুসের কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবুতে হামলায় নিহত হন আরও চারজন।

এ ছাড়া আল-মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের একজন তাদের প্রথম সারির উদ্ধারকর্মী হুসেইন হাসান হুসেইন আল-সুমাইরি।

খান ইউনুস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, গাজা সিটির একাধিক আবাসিক বাড়ি কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তার ভাষায়, কথিত যুদ্ধবিরতির মধ্যেও সাম্প্রতিক হামলাগুলো গাজার মানুষের জন্য ‘স্বস্তির কোনো সুযোগই রাখছে না’।

তিনি আরও বলেন, “গত কয়েক ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আকাশে ড্রোনের শব্দ শোনা যাচ্ছে, যা নতুন হামলার আশঙ্কা তৈরি করছে।”

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের এক রিজার্ভ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর সাঁজোয়া ইউনিট ও বিমান হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘রুটিন সামরিক কার্যক্রমের সময়’ ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকার সীমারেখা হিসেবে পরিচিত ‘ইয়েলো লাইন’-এর কাছে ওই ঘটনা ঘটে।

তবে আল জাজিরার প্রতিবেদক জানান, ইসরায়েল পূর্ব গাজায় ওই ‘ইয়েলো লাইন’-এর অবস্থান পরিবর্তন করছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় চার মাসে ইসরায়েলি হামলায় ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি কর্তৃপক্ষ রেড ক্রসের মাধ্যমে ৫৪ জন ফিলিস্তিনির মরদেহ এবং ‘মানব দেহের অংশ ও অঙ্গপ্রত্যঙ্গ’ ভর্তি ৬৬টি বাক্স গাজার কাছে হস্তান্তর করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব মরদেহ ও দেহাবশেষ গাজায় চিকিৎসা দল দ্বারা পরীক্ষা-নিরীক্ষার পর নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এ বিষয়ে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ইরানে সামরিক অভিযানে সহযোগিতা না করায় ন্যাটো মিত্রদের শাস্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে পেন্টাগনের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের...

এই বিভাগের অন্যান্য সংবাদ