spot_img

জাতীয় স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

অবশ্যই পরুন

জাতীয় স্টেডিয়ামসহ দেশের ক্রীড়া স্থাপনাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর অংশ হিসেবে নিরাপত্তাকর্মীদের মাঝে নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে জবাবদিহি, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিরাপত্তাকর্মীদের হাতে নতুন পোশাক ও সরঞ্জাম তুলে দেন।

সভায় আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ সুশৃঙ্খল নয়। মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড এবং দোকানিদের অবৈধভাবে ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে রাখার মতো সমস্যা রয়েছে। এসব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

নিরাপত্তাকর্মীদের পেশাগত পরিচিতি ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে নিরাপত্তাকর্মীদের আলাদা কোনো পরিচিতি ও নির্ধারিত পোশাক ছিল না। নতুন পোশাক ও সরঞ্জাম প্রদানের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা এবং দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়ম গ্রহণযোগ্য হবে না জানিয়ে তিনি বলেন, দায়িত্বে গাফিলতি বা কোনো পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে নিষ্ঠাবান নিরাপত্তাকর্মীদের পুরস্কৃত করার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। এ ছাড়া স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশ প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন আমিনুল হক।

জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কার করা হবে। পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়া ইতিহাসের গৌরবোজ্জ্বল অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরে স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব পরিবেশে সাজানো হবে। নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

সর্বশেষ সংবাদ

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার থেকে ফলাফল...

এই বিভাগের অন্যান্য সংবাদ