যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ঠিক আগে ঢাকা-জেদ্দা রুটের একটি ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এসময় চাকার দিক থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায়।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিএস-৩৬১ ফ্লাইটটি যাত্রার পূর্ব মুহূর্তে উড্ডয়ন বাতিল করা হয়।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, এ সময়ই ককপিটে থাকা পাইলটরা যান্ত্রিক গোলযোগের সংকেত পান এবং উড্ডয়ন বাতিল করেন।
তবে, উড়োজাহাজটির ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগার ঘটনা ঘটেনি।
পরে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
এদিকে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে বিকল্প আরেকটি উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

