spot_img

শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

অবশ্যই পরুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। এসময় তিনি শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ সময় তারা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি এবং গবেষণায় প্রণোদনার বিষয়ও তারা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।

প্রতিনিধিদল জানায়, ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রীদের জন্য হলের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তাদের আবাসনসংকট আরও তীব্র। এ সমস্যা সমাধানে তারা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, এ বিশ্ববিদ্যালয় তার মতো সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

দেশে উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ অবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে অ্যালামনাইদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সৌদিতে সেনা মোতায়েন পাকিস্তানের

সৌদি আরবের নিরাপত্তা জোরদারে দেশটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে পাকিস্তান। রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এর আগে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ