ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা ও কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ১০৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মঙ্গলবার তার দপ্তরের এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি জানানো হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি দুই দিনের জন্য সব ধরনের ক্লাস স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার ও বুধবার সেমিনারির নিয়মিত পাঠদান বন্ধ থাকবে বলে শোকবার্তায় জানানো হয়। এতে মহান এই ধর্মীয় ব্যক্তিত্বের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি। সেখানেই তার ধর্মীয় শিক্ষার হাতেখড়ি। পরে তিনি ইরাকে গিয়ে নাজাফ সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। এ সময় তিনি প্রখ্যাত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন।
ধর্মীয় শিক্ষায় ইজতিহাদের স্তরে পৌঁছানোর পর তিনি মাশহাদে ফিরে আসেন। পরে কোম শহরে স্থায়ী হন। জীবনের দীর্ঘ সময় তিনি কোম সেমিনারিতে ইসলামি ফিকাহ ও উসুলুল ফিকাহ বিষয়ে অধ্যাপনা করেন। শিয়া ইসলামি ধর্মীয় শিক্ষাঙ্গনে তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

