যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করেছে কাতার। এরই অংশ হিসেবে আজ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে দোহা। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল-আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি এবং আলোচনায় থাকা প্রস্তাবগুলো নিয়ে মতবিনিময় করতেই ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে আল-আনসারি বলেন, মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে এবং বিদ্যমান প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে আজ ইরানি পক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি জানান, আলোচনার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থানের মধ্যকার ব্যবধান কমিয়ে আনা এবং সমঝোতার পথ তৈরি করা।
একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের প্রতি উত্তেজনা আরও বাড়তে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কাতারের এই কর্মকর্তা।
কাতারের এই উদ্যোগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকার বিষয়টি সামনে এসেছে। তবে প্রস্তাবিত বৈঠকে কী ধরনের অগ্রগতি হয়, তা এখন দেখার বিষয়। আল জাজিরা

