মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই, যেকোনো উপায়ে’ শেষ হবে। তার হুঁশিয়ারি, তেহরানকে হয় একটি চুক্তিতে আসতে হবে, নয়তো যুক্তরাষ্ট্র নিজেরাই সামরিক পদক্ষেপের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাবে।
রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ককে (আরএসবিএন) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান হতে পারে ‘হয়তো সহজ উপায়েই।’
এদিকে, যুদ্ধ নতুন রূপ নিয়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী দুই জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে।
গত শুক্রবার কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশগুলো।
অন্যদিকে, হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সঙ্গে দুই দিনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।
তিনি আশা প্রকাশ করেছেন, কূটনীতির পথ বেছে নেওয়ার মতো যথেষ্ট বিচক্ষণতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
নতুন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তার বক্তব্য অনুযায়ী, ইরানকে সমঝোতায় আসতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের মাধ্যমে সংঘাতের অবসান ঘটাবে। সূত্র: মিডলইস্ট আই

