দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ (UDYOG)’ প্রকল্পের আওতায় সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন তরুণ উদ্যোক্তারা। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে।
রোববার (১ নভেম্বর) থেকে দ্বিতীয় পর্যায়ে দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে আট জেলার আবেদন নেওয়া হয়।
নতুন পর্যায়ে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলা থেকে আবেদন গ্রহণ করা হবে।
কত টাকা ঋণ ও অনুদান পাবেন
ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন প্রদান করা হবে। এ অর্থায়নের জন্য কোনো জামানত লাগবে না।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে।
কর্মসূচির লক্ষ্য কী
দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় অর্থায়ন ও সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।
গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

